Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাইপ বসানোর একবছরেও কলিগ্রামে রাস্তা সারাই হয়নি, জল পরিষেবা চালু নিয়েও চিন্তিত বাসিন্দারা

পাইপ বসানোর একবছরেও কলিগ্রামে রাস্তা সারাই হয়নি, জল পরিষেবা চালু নিয়েও চিন্তিত বাসিন্দারা
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: কংক্রিটের রাস্তা ভেঙে পিএইচই-র পাইপ বসানো শেষ হয়েছে। কিন্তু, একবছরেও সেই রাস্তা মেরামত করা হয়নি বলে অভিযোগ। যার জেরে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে চাঁচল ১ ব্লকের কলিগ্রামের বাসিন্দারা। রাস্তা মেরামতির জন্য প্রশাসন কোনও উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসীরা ক্ষুব্ধ। এদিকে, রাস্তায় পাইপ বসলেও বাড়ি বাড়ি জল সংযোগের জন্য নল লাগানোর কাজই শুরু হয়নি। ফলে এখনও বাড়ি বাড়ি জল পরিষেবা শুরু হয়নি। ফলে গরমকালের আগে চাঁচলে জল সরবরাহ পরিষেবা চালু করা যাবে কি না, তা নিয়ে বাসিন্দারা আশঙ্কিত। 
Advertisement
কলিগ্রামের চৌরঙ্গী মোড়, মধ্যপাড়া, ইমামবাড়া, সাতঘরিয়াপাড়া এবং নিমতলা সহ বিভিন্ন এলাকায় পাইপ বসানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কংক্রিটের রাস্তা ভেঙে পাইপ বসানোর প্রায় একবছর হয়ে গেলেও এখনও রাস্তাই সংস্কার করা হয়নি। ফলে চলাচল করতে গিয়ে হোঁচট খাচ্ছেন বয়স্করা। খনাখন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছে মোটরবাইক সহ বিভিন্ন যান। অলিগলিতে নিয়মিত টোটো চলাচল করে।  নাজেহাল টোটো চালকরাও। টোটোচালক সাহাজান আলির অভিযোগ, রাস্তা ভাঙা থাকায় টোটো উল্টে যাওয়ার আশঙ্কা থাকছে। যাত্রীদেরও সমস্যা হচ্ছে। রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। 
এদিকে চৌরঙ্গী মোড় এলাকায় একই অভিযোগে সুর চড়িয়েছেন বাসিন্দারা। সেখানে রাস্তার এমন বেহাল অবস্থা থাকায় পুজোর পর প্রতিমা বিসর্জনে কালঘাম ছুটে যায় বাসিন্দাদের। ভ্যানের চাকা গর্তে পড়ে যায়। গত রথযাত্রায় রথের চাকা ঠিকমতো রাস্তায় গড়ায়নি। রাস্তা এবড়ো খেবড়ো থাকায় রথ টানতে হিমশিম খেতে হয় বাসিন্দাদের। গৌতম দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, পাইপ বসানোর একবছর হতে চলল, রাস্তা এখনও সংস্কার হল না। বাড়ি বাড়ি জল সংযোগের জন্য নল লাগানো হয়নি। গরম কালে জল সরবরাহ পরিষেবা চালু না হলে সমস্যা মিটবে না।
এই প্রসঙ্গে চাঁচল মহকুমা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, কলিগ্রাম সরকারি বাস ডিপো সংলগ্নে জল সরবরাহ প্রকল্পের কাজ চলছে। পাম্প বসলে তবেই বাড়িগুলিতে জলসংযোগ করা হবে। রাস্তা মেরামতের বিষয়টি দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ