Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বীরবাহার পাইলট কারের ধাক্কা কন্টেনারে, আহত ২ পুলিশকর্মী

নির্বাচনি প্রচারের কর্মসূচিতে কলকাতায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে থাকা পুলিশের পাইলট কার

বীরবাহার পাইলট কারের ধাক্কা কন্টেনারে, আহত ২ পুলিশকর্মী
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নির্বাচনি প্রচারের কর্মসূচিতে কলকাতায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে থাকা পুলিশের পাইলট কার। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বীরশিবপুরে। তাতে ওই গাড়িতে থাকা দুই পুলিশকর্মী আহত হন। তাঁদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। রাত বারোটা নাগাদ বীরশিবপুরের কাছে কনভয়ে থাকা পুলিশের পাইলট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, দুই পুলিশকর্মী আহত হন। দুর্ঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ আহত দুই সহকর্মীকে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যায়। তাঁদের দেখতে রাতেই হাসপাতালে আসেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। পৌঁছন মন্ত্রী পুলক রায়ও। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতারাও হাসপাতালে আসেন। পরে বীরবাহা কলকাতার দিকে রওনা দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ