সংবাদদাতা, বারুইপুর: জয়নগর ১ নম্বর ব্লকের ধোসা ১৪ ফোকর এলাকা ঘিরে নতুন পর্যটন কেন্দ্র তৈরির চিন্তাভাবনা করেছেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। সেচদপ্তরের চার একর জমিতে ডাবু খালের ধারে হবে পিকনিক স্পট। হবে শিশু উদ্যানও। ইতিমধ্যেই এই কাজের জন্য জমিও পরিদর্শন করেছেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের সচিব অত্রি ভট্টাচার্য। তিনি বলেন, জমি দেখা হয়েছে। অনেক কিছুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বলেন, পিকনিক স্পট সহ গেস্ট হাউসও নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।



