সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার মাল মহকুমায় দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় মোট সাতজন জখম হন। প্রথম ঘটনায় সেনা বাহিনীর গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। অন্যটি, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই বাস জঙ্গলে ঢুকে পড়ে।
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার মাল মহকুমায় দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় মোট সাতজন জখম হন। প্রথম ঘটনায় সেনা বাহিনীর গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। অন্যটি, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই বাস জঙ্গলে ঢুকে পড়ে।
এদিন দুপুরে মাল ব্লকের বাগরাকোটে ১৭ নম্বর জাতীয় সড়কে সেনা বাহিনীর গাড়ির সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন দু’জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানটি শিলিগুড়ি থেকে মালবাজারের দিকে আসছিল। সেসময় উল্টো দিক থেকে একটি সেনার গাড়ি আসছিল। সেটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানে থাকা দু’জন আহত হন। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। পরে মাল থানার পুলিস এসে গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে, এদিনই দুপুরে মেটেলি ব্লকের লাটাগুড়িতে ১৭ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস জঙ্গলের দিকে ঢুকে যায়। এ ঘটনায় পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়া লাটাগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পুলিস সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি চালসা থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সেসময় লাটাগুড়ির জঙ্গলে একটি বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ঢুকে যায়। বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিস।
উল্লেখ্য, এদিন সকাল থেকেই বৃষ্টি চলছিল মাল, মেটেলি, নাগরাকাটা ও ক্রান্তি ব্লকে। এমনিতেই বৃষ্টি ভেজা রাস্তা, তারউপর বাসটি দ্রুত গতিতে চলছিল। সেকারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিসের। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক বলেন, দু’টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে বাগরাকোটের ঘটনায় দু’জন আহত হয়েছেন। লাটাগুড়ির জঙ্গলে দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।