নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মাটিয়ারি ফেরিঘাট এলাকায় ফেরি চলাচলের ভাড়া বৃদ্ধি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানার অন্তর্গত মাটিয়ারি পঞ্চায়েতের দেওয়ানগঞ্জ ফেরিঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন থেকে ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচলের নতুন বর্ধিত ভাড়া চালু করে। তা নিয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র আপত্তি জানান। এমনকী যাত্রীরা ফেরিচালকদের উপর চড়াও হন। সেই সঙ্গে ফেরিগুলি ঘাটে বেঁধে রাখা হয়। তাঁদের অভিযোগ, ফেরি চলাচলের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। আগে প্রত্যেক যাত্রীর জন্য দু’টাকা ভাড়া ছিল। বর্তমানে তা ৫টাকা করা হয়েছে। আবার লরির ভাড়া ৩০০টাকা ছিল। তা বাড়িয়ে ৭০০টাকা করা হয়েছে। এভাবে সমস্ত গাড়ির ভাড়াই দ্বিগুণ করা হয়েছে। এনিয়ে গ্রামবাসীরা কয়েক সপ্তাহ আগে কালীগঞ্জ ব্লক অফিসে অভিযোগ জানিয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার থেকে ফেরিঘাট কর্তৃপক্ষ বর্ধিত ভাড়া কার্যকর করে। ব্যাপারটি জানাজানি হতেই গ্রামবাসীরা ফেরিঘাটে জমা হতে থাকেন। এনিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেন। একপ্রস্থ হাতাহাতিও হয়। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ পুরনো ভাড়াতেই ফেরিঘাট চালু রাখতে রাজি হয়। মাটিয়ারি পঞ্চায়েতের উপপ্রধান শাহবিল শেখ বলেন, ফেরিঘাটের ভাড়া বৃদ্ধি নিয়ে এলাকার মানুষের আপত্তি রয়েছে। মঙ্গলবার থেকে নতুন বর্ধিত ভাড়া চালু করা হয়েছিল। গ্রামের মানুষরা তাতে সম্মতি জানাননি। তাই পুরনো ভাড়াতেই আপাতত ফেরি চলাচল করবে।



