সংবাদদাতা, তারকেশ্বর: ফুরফুরায় এক মহিলাকে খুনের অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছিল তাঁর বোনের ছেলেকে। শুক্রবার ওই ঘটনার তদন্তে এলাকায় এসেছিল ফরেন্সিক দল। গত ৩১ জানুয়ারি ফুরফুরা গ্রামের ফুলবাগান এলাকায় স্থানীয় বাসিন্দা আফসানা বেগমের (৩৬) নলিকাটা দেহ উদ্ধার হয়। স্থানীয়রাই দেহ দেখতে পেয়ে জাঙ্গিপাড়া থানায় খবর দেন। পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং খুনের মামলা দায়ের করে।
Advertisement
এই ঘটনায় গত ২ ফেব্রুয়ারি পুলিস গ্রেপ্তার করে মৃত আফসানা বেগমের বোনপো আসরফ শেখকে। সে স্থানীয় একটি মাংসের দোকানে কাজ করে। ঘটনার দিন সকালে কাজে যেতে দেরি করায় তাকে বকাবকি করেন মাসি। সেই সময় হঠাৎই ক্ষিপ্ত হয়ে আসরফ কাটারি দিয়ে মাসির গলায় কোপ মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে শুক্রবার মৃতার বাড়িতে আসেন ফরেন্সিক দলের দুই সদস্য। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে রক্তমাখা কার্পেট, কাপড় নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করেন তাঁরা।



