প্রথম দিকে হিন্দি ও ইংরেজি বলতে অসুবিধা হতো শ্রীদেবীর। সেটে কারও সঙ্গে বেশি কথা বলতেন না। অভিনেত্রীর প্রথম হিন্দি ছবি ছিল ‘সোলওয়া সাওয়ান’। সেই ছবির নায়ক অমল পালেকর এক সাক্ষাৎকারে ফাঁস করেন এই কথা। তবে এই নায়িকাই একবার ফিরিয়েছিলেন এক বিখ্যাত হলিউড ছবির প্রস্তাব। নয়ের দশকের শুরু। সেই সময় কেরিয়ারের মধ্যগগনে তিনি। অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন। শোনা যায়, তাঁর পারিশ্রমিকের পরিমাণ ছিল অমিতাভ বচ্চনের কাছাকাছি। এমন সময় নায়িকার কাছে ‘জুরাসিক পার্ক’ ছবির অফার নিয়ে আসেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ। চরিত্র শুনে কিছুদিন ভাবার সময় নিয়েছিলেন তিনি। তারপর অবলীলায় ফিরিয়ে দেন চরিত্রটি। কারণ মনে হয়েছিল, ওই চরিত্র তাঁর সঙ্গে মানানসই নয়। এমনকী, অভিনয়েরও সুযোগ ছিল না তেমন। আরও একটা কারণ ছিল অবশ্য। বলিউড। হিন্দি ছবির ইন্ডাস্ট্রিকে অসম্ভব ভালোবাসতেন তিনি। হলিউড ছবিতে কাজ করলে দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতে হবে। এ কথা ভেবেও স্পিলবার্গের প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা। কেবল হলিউড নয়। আরও বেশ কয়েকটি বিখ্যাত ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। যেমন এস এস রাজামৌলির ‘বাহুবলী’। এই ছবির এক জনপ্রিয় চরিত্রের অফার নিয়ে তাঁর কাছে গিয়েছিলেন পরিচালক। তবে সে প্রস্তাব নাকচ করতে ভাবেননি নায়িকা। তালিকায় রয়েছে শাহরুখের ‘ডর’, ‘বাজিগর’ও। আসলে শোভাবর্ধক উপগ্রহ হয়ে থাকতে চাননি নায়িকা। সর্বদা চেয়েছিলেন চ্যালেঞ্জের মুখে পড়তে। সে কারণেই তিনি হয়ে উঠেছিলেন বলিউডের ‘সুপারস্টার’। গত ২৪ ফেব্রুয়ারি ছিল শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী।



