শিবানি শিবাজি রাওকে নিশ্চয়ই মনে আছে আপনার? ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে সাহসী, বেপরোয়া, দক্ষ পুলিস সুপারের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে। ফের পর্দায় ফিরছে সেই জনপ্রিয় চরিত্র। আসছে ‘মর্দানি ৩’। শুক্রবার এই ঘোষণা করলেন পর্দার ‘মর্দানি’ রানি। জানা গিয়েছে, যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটির শ্যুটিং শুরু হবে আগামী বছর থেকেই। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালে। ছবিটি পরিচালনা করবেন অভিরাজ মিনাওয়ালা। রানি বলেছেন, ‘প্রতিবার পুলিসের উর্দি পরতে ভীষণ ভালো লাগে। যাঁরা সাহসিকতার সঙ্গে লড়াই করেন, আমাদের প্রত্যেকদিন নিরাপদে থাকতে সাহায্য করেন, তাঁদের কুর্নিশ জানাতেই এই ছবি।’



