Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ফের টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যশপ্রীত বুমরাহ

ফের টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যশপ্রীত বুমরাহ
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
দুবাই: পারথ টেস্টে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেলেন যশপ্রীত বুমরাহ। আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ফের শীর্ষে উঠে এলেন তিনি। ৭২ রানে আট উইকেট নিয়ে অপ্টাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার পরাজয়ে বড় ভূমিকা নেওয়া বুমবুমের সংগ্রহে এখন ৮৮৩ পয়েন্ট। তিনি টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা (৮৭২ পয়েন্ট) ও অস্ট্রেলিয়ার জস হ্যাজলউডকে (৮৬০ পয়েন্ট)। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি’র টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন বুমরাহ। অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের পরও অল্প সময়ের জন্য এক নম্বরে উঠে আসেন তিনি। পারথ টেস্টের আগে র‌্যাঙ্কিংয়ে বুমরাহর ঠিকানা ছিল তিন নম্বরে। 
Advertisement
শুধু বল হাতেই নয়, রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতা হিসেবেও এই টেস্টে নজর কাড়েন তিনি। বুমরাহর প্রশংসায় উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, ‘ও দায়িত্ব উপভোগ করে। ক্রিকেটার হিসেবে প্রচণ্ড লড়াকু। মারাত্মক উচ্চাশাও রয়েছে। নিজের উপর অটুট আস্থা বুমরাহর শক্তি। বিশ্বাস করে, ও যে কোনও পরিস্থিতিতে উইকেট পেতে সক্ষম।’ কিংবদন্তি ওয়াসিম আক্রামের মতে, ‘যখনই কোনও জুটি গড়ে উঠেছে, বুমরাহ নিজেকে আক্রমণে এনেছে। পারথ টেস্টে তৃতীয় দিনের শেষের দিকে ওই দুই উইকেট নেয়। সেই ধাক্কাতেই অস্ট্রেলিয়া কার্যত দুমড়ে-মুচড়ে যায়। টেস্টের চতুর্থ দিনেও ট্রাভিস হেডের মূল্যবান উইকেট নেয় ও। সেই সময় একটা জুটি গড়ে উঠছিল। বুমরাহই তা ভাঙে।’  
টেস্ট র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে আছেন আরও দুই ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন (চতুর্থ) ও রবীন্দ্র জাদেজা (সপ্তম)। তাঁরা যদিও পারথ টেস্টে খেলেননি। তা সত্ত্বেও র‌্যাঙ্কিংয়ে উপরের দিকেই রয়েছেন দু’জনে। এদিকে তিন ধাপ উঠে নতুন বলে বুমরাহর সঙ্গী পেসার মহম্মদ সিরাজ এখন ২৫ নম্বরে রয়েছেন।
ব্যাটিংয়ে যশস্বী জয়সওয়াল আবার উঠে এসেছেন কেরিয়ারের সেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে। ইংল্যান্ডের জো রুটের (৯০৩ পয়েন্ট) পরই দু’নম্বরে (৮২৫ পয়েন্ট) তিনি। টেস্টে ৩০তম শতরানের পর বিরাট কোহলি ন’ধাপ উঠে এখন ১৩ নম্বরে। টেস্টে অলরাউন্ডারের তালিকায় প্রথম দুটো স্থান ধরে রেখেছেন জাদেজা ও অশ্বিন। 
সম্পর্কিত সংবাদ