নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: ফের বিদ্যাধরী সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি হাড়োয়ার বিদ্যাধরী সেতু এলাকার। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হাড়োয়ার ওই সেতু থেকে বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিসের তৎপরতায় তা ঠেকানো যায়। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে, শুক্রবার রাতে ফের একই জায়গা থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর ২৮-এর এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেন। পরপর দু’দিন একই জায়গা থেকে আত্মহত্যার চেষ্টার ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেতুতে পুলিসের টহলদারি বৃদ্ধি করা হোক।



