Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

ফের আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ফের মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এল। ইভটিজিংয়ের শিকার হয়ে সোমবার আত্মঘাতী হয় উত্তর ২৪ পরগনার অশোকনগরের সোনালি খাতুন (১৫)। সোমবার রাতে গারুলিয়ায় আত্মঘাতী হয়েছে আরও এক ছাত্র। নাম দ্বীপ সূত্রধর। ছাত্রের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিস। পরিবারের সদস্যরা জানিয়েছে, পরীক্ষা দিয়ে ফিরে বন্ধুর বাড়িতে পড়তে গিয়েছিল দ্বীপ। সন্ধ্যায় বাড়ি এসে পড়াশোনাও করে। বাবা-মা বেশ কিছুক্ষণ বাড়ির বাইরে ছিলেন। রাতে তাঁরা ফিরে এসে দেখেন, ছাদের ঘরে গলায় গামছা জড়িয়ে ঝুলছে ছেলে। খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়। মঙ্গলবার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
Advertisement
মঙ্গলবার পরীক্ষার দ্বিতীয় দিন কেন্দ্রে আসা ও পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় জখম হয়েছে বেশ ক’জন পরীক্ষার্থী। তাদের মধ্যে দু’জন হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে। বাগদায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় জখম হয় দুই পরীক্ষার্থী। নাম শামিম মণ্ডল ও রাজা সরকার। পর্ষদের তরফে দু’জনকে বাগদা ও বনগাঁ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়। হাড়োয়া থানার ভিগেরহাটিতে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় পরীক্ষার্থী সহ চার জন। জখম মাধ্যমিক পরীক্ষার্থীর নাম আরফাজ মোল্লা। গুরুতর জখম অবস্থায় চারজনই হাসপাতালে চিকিৎসাধীন।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরফাজ তার বন্ধু তুহিন মোল্লার বাইকে বাড়ি ফিরছিল। সঙ্গে আরও এক বন্ধু ছিল। বাইকটি হাড়োয়ার দিক থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। পথে ভিগেরহাটি এলাকায় ইটের পাঁজায় ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। চারজনেই জখম হয়। তাদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একটি পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে শর্মিষ্ঠা সর্দার নামে এক পড়ুয়া। সে দক্ষিণ বারাসত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বহড়ু গার্লস হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল। ছাত্রীকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষা দিয়েছে ওই ছাত্রী। 
মাধ্যমিক চলাকালে মাইক বাজানোকে ঘিরে উত্তেজনা ছড়ায় হাওড়ার ডোমজুড়ে। মঙ্গলবার সকালে ডোমজুড়ের কেশবপুরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই রক্তদান শিবিরে মাইক বাজিয়ে ঘোষণা চলছিল বলে অভিযোগ। পরে এক তৃণমূল নেতাকে মঞ্চে ক্ষমা চাইতে দেখা যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ