Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফাইলেরিয়া আক্রান্ত ৫ পড়ুয়ার হদিশ হাওড়া শহরে, বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দেবে পুরসভা

ফাইলেরিয়া আক্রান্ত ৫ পড়ুয়ার হদিশ হাওড়া শহরে, বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দেবে পুরসভা
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফাইলেরিয়াসিস। মূলত পরজীবী সংক্রমণ, যা মশার কামড়ে শরীরের লিম্ফেটিক তন্ত্র বা ত্বকের নীচে টিস্যুর ক্ষতি করে। সময়মতো চিকিৎসা না হলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন আক্রান্ত রোগী। গত কয়েক দশকে হাওড়া শহরে এই রোগের প্রাদুর্ভাব দেখা না গেলেও সম্প্রতি পাঁচজন স্কুল পড়ুয়ার মধ্যে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে। বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হাওড়া পুরসভা। আগামী মাস থেকে শহরের প্রতিটি এলাকায় ক্যাম্প বসিয়ে এবং বাড়ি বাড়ি পৌঁছে ফাইলেরিয়াসিসের ওষুধ বিলির সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পাশাপাশি ঠিক হয়েছে, ওয়ার্ডগুলিতে মশার লার্ভা দমনে ধারাবাহিক অভিযান চালাবে ভেক্টর কন্ট্রোল টিম।
Advertisement
হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শহরের ১০, ১১, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডের চারটি স্কুলের পাঁচ পড়ুয়ার শরীরে ফাইলেরিয়ার জীবাণু মিলেছে। বেশ কিছুদিন ধরেই ওই পাঁচ পড়ুয়া জ্বরে আক্রান্ত ছিল। রক্ত পরীক্ষার পর এই রোগ ধরা পড়ে। পাঁচজনের উপরেই নজরদারি চালাচ্ছেন চিকিৎসকরা। হাওড়া শহরে কয়েক দশক পর মশাবাহিত এই রোগ ফিরে আসায় উদ্বিগ্ন পুরসভা। বিষয়টি নিয়ে মঙ্গলবার জেলা স্বাস্থ্য আধিকারিক ও হাওড়া পুরসভার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। ফাইলেরিয়া পরিস্থিতি যাতে নাগালের বাইরে না যায়, সেজন্য এখন থেকেই বাড়তি সতর্কতা নিচ্ছে স্বাস্থ্যদপ্তর। জানা গিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া পুরসভার প্রতিটি ওয়ার্ডে বিশেষ ক্যাম্প বসানো হবে। সেখানে ১২ বছরের বেশি বয়সিদের অ্যালবেনডাজল এবং ডাই ইথাইল কারবোম্যাজিন নামের দু’টি ওষুধ দেওয়া হবে। শুধু ক্যাম্প নয়, প্রত্যেক ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ওষুধ বিতরণের কাজ করবেন আইসিডিএস ও আশাকর্মীরা। ফাইলেরিয়ার আক্রমণ ঠেকাতে ফেব্রুয়ারি মাস জুড়ে এই কর্মসূচি চলবে। পাশাপাশি কিউলেক্স মশার লার্ভা নিধন করতে নিয়মিত লার্ভানাশক স্প্রে করবে পুরসভার ভেক্টর কন্ট্রোল টিম।
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘হাওড়ায় শেষ কবে ফাইলেরিয়া আক্রান্তের হদিশ মিলেছিল, তা বলা মুশকিল। কিন্তু ইতিমধ্যেই পাঁচ পড়ুয়ার শরীরে এই রোগের জীবাণু মেলায় এখন থেকেই সতর্কতা নেওয়া হচ্ছে। প্রতিটি স্কুল-কলেজে পড়ুয়াদের সচেতন করা হবে।’ এই প্রচারে পড়ুয়াদের পাশাপাশি কাজে লাগানো হবে বিভিন্ন চিকিৎসক সংগঠনকে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার চিকিৎসকরা ফাইলেরিয়া রোগ সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাবেন। পুরসভার মুখ্য প্রশাসক আরও বলেন, ‘সময় মতো ফাইলেরিয়ার ওষুধ না নিলে আক্রান্ত রোগীর হাত পা ফুলে গোদ হওয়ার ভয় থাকে। এমনকী সারাজীবনের জন্য পঙ্গুও হয়ে যেতে পারেন রোগী। তাই ওষুধ খাওয়ার পাশাপাশি মশার বাড়বাড়ন্ত ঠেকাতে সচেতন হতে হবে সাধারণ মানুষকে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ