নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিজি হাসপাতালে নাবালিকা ধর্ষণের মামলায় ধৃত দালাল অমিত মল্লিকের টিআই প্যারেডের আর্জি মঞ্জুর করল আদালত। সোমবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় সরকারপক্ষের এই আবেদন মঞ্জুর করেন। চলতি সপ্তাহে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) উপস্থিতিতে ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। এদিন পুলিশ হেপাজত থেকে অভিযুক্তকে আলিপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৫ নভেম্বর পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। ধৃতের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য যে কোনও শর্তে তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ জোরালো আপত্তি করেন। তিনি বলেন, ‘একটি স্পর্শকাতর মামলার তদন্ত চলছে। এই সময় অভিযুক্ত জামিন পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। শুধু তাই নয়, সে পালিয়ে যেতে পারে।’ তিনি ধৃতকে জেল হেপাজতে রেখে বিচার চালানোর পক্ষে সওয়াল করেন। সরকারি কৌঁসুলি আরও বলেন, ‘অভিযোগ অত্যন্ত গুরুতর। সে যে কাজ করেছে, তা ক্ষমার অযোগ্য। তাই তাকে জেল হেপাজতে রেখেই বিচার চালানো উচিত। যাতে সমাজে একটা আলাদা বার্তা যায়।’ বিচারক মামলার কেস ডায়েরি খতিয়ে দেখে ধৃতের জামিনের আবেদন বাতিল করে দেন।



