Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

কর্পোরেট ট্যাক্সকে ছাপিয়ে গেল ব্যক্তিগত আয়কর, প্রথম ৬ মাসেই আদায় ১৩ লক্ষ কোটি টাকা, গত বছরের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি

অর্থনীতি শ্লথ হোক অথবা উজ্জ্বল। জিডিপি বৃদ্ধিহার বেশি অথবা কম। সামগ্রিক বাণিজ্যের গতিপ্রকৃতি যেমনই থাক, ভারতবাসীর প্রদান করা আয়কর বাবদ রাজকোষের ভাণ্ডার বৃদ্ধি কমছে না!

কর্পোরেট ট্যাক্সকে ছাপিয়ে গেল ব্যক্তিগত আয়কর, প্রথম ৬ মাসেই আদায় ১৩ লক্ষ কোটি টাকা, গত বছরের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অর্থনীতি শ্লথ হোক অথবা উজ্জ্বল। জিডিপি বৃদ্ধিহার বেশি অথবা কম। সামগ্রিক বাণিজ্যের গতিপ্রকৃতি যেমনই থাক, ভারতবাসীর প্রদান করা আয়কর বাবদ রাজকোষের ভাণ্ডার বৃদ্ধি কমছে না! চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাসেই প্রত্যক্ষ কর আদায় আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মোট ১২ লক্ষ ১২ হাজার কোটি টাকা আদায় হয়েছে ট্যাক্স বাবদ। আর এবারও কর্পোরেট ট্যাক্সকে ছাপিয়ে গিয়েছে ব্যক্তিগত আয়কর। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সময়সীমায় কর্পোরেট ট্যাক্স এবং ব্যক্তিগত আয়কর মিলিয়ে মোট প্রত্যক্ষ কর যা আদায় হয়েছে, সেটি বিগত বছরের এই সময়সীমায় সংগৃহীত করের তুলনায় ১৫ শতাংশ বেশি। একইভাবে অ্যাডভান্স ট্যাক্সও বিগত অর্থবর্ষের এই সমসয়সীমার তুলনায় ১৬ শতাংশ বেশি আদায় হয়েছে।

Advertisement

বিগত আর্থিক বছরের প্রথম ৬ মাসে আদায় হয়েছিল ৪ লক্ষ ৭২ হাজার কোটি টাকা কর্পোরেট ট্যাক্স। সেই পরিমাণ এবার হয়েছে সাড়ে ৫ লক্ষ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৮০ হাজার কোটি টাকা বেশি। বিগত অর্থবর্ষে ব্যক্তিগত আয়কর আদায় হয়েছিল ৫ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা। সেখানে চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে তা পৌঁছে গিয়েছে ৬ লক্ষ ১৬ হাজার কোটি টাকায়। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস সূত্রে বলা হয়েছে, এবার রিফান্ড পদ্ধতি অনেক উন্নত হওয়ায় নিট ট্যাক্সের পরিমাণ কিছুটা হলেও কম। রিফান্ডের পরিমাণ অনেক বেড়েছে। পাশাপাশি অ্যাডভান্স ট্যাক্স তুলনামূলকভাবে অনেক বেশি হওয়ায় পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে, চলতি অর্থবর্ষের শেষে মোট কর আদায় পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে দেবে। আদায়ের লক্ষ্যমাত্রা ২৫ লক্ষ কোটি থেকে ২৭ লক্ষ কোটি টাকা। আশা করা যায় সেই লক্ষ্যমাত্রাও ছাপিয়ে যাবে। সুতরাং সামগ্রিক দেশের অর্থনীতির গতিপ্রকৃতি যেমনই হোক, মোদি সরকারের কাছে জনতাই জনার্দন। কারণ, আয়কর, জিএসটি, সেস সব মিলিয়ে সাধারণ মানুষের থেকে সরকারের প্রাপ্তি অপরিসীম এবং এই প্রবণতা উত্তরোত্তর বাড়ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ