সংবাদদাতা, ময়নাগুড়ি: ছুরির আঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। উদ্ধার করে প্রথমে তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম ভবেন্দ্র রায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ময়নাগুড়ি থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
তাঁর ছেলে মানিক রায় বলেন, ময়নাগুড়ির বটেশ্বর এলাকায় তাঁদের বাড়ি। প্রতিদিনের মতো বাবা যোগমায়া কালীবাড়ির সামনে গিয়েছিলেন। সেই সময়ই তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। ওই হাসপাতালের দায়িত্বে থাকা এক চিকিৎসক জানান, তাঁকে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে।