সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার থেকে এলপিজি গ্যাসে রান্নার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এর ফলে কাঠের উনুনের ধোঁয়া থেকে মহিলাদের মুক্তি মিলবে। পাশাপাশি খুদে পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টি নজর রাখা হয়েছে। ইতিমধ্যে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গ্যাস সিলিন্ডার সহ ওভেন পৌঁছে গিয়েছে। তবে জেলা প্রশাসন থেকে অনুমতি না মেলায় গ্যাসে রান্না করা যাচ্ছে না। এমনকী একাধিক নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতর কাঠের উনুনে রান্না করার সমস্যা থাকায় বাইরে খোলা জায়গায় রান্না করতে হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, খুব শীঘ্রই এই সমস্যা মিটবে।
জেলায় মোট চার হাজার ৫০৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। যার মধ্যে প্রায় দু’হাজার কেন্দ্রের নিজস্ব ভবন আছে এবং বাকি আড়াই হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভাড়া বাড়ি বা ক্লাবে চলছে। সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই গ্যাসে রান্নার উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস সিলিন্ডার ও ওভেন পৌঁছে গিয়েছে। সেইমতো উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্নর ওয়ার্ডের বাজারপাড়ায় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পেও গ্যাস সিলিন্ডার এবং ওভেন দেওয়া হয়েছে। মাস খানেক আগে পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে স্থানান্তরিত হওয়া এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৃথক রান্নাঘর থাকলেও জেলা প্রশাসনের অনুমতি না মেলায় এখনও কাঠের উনুনে রান্না করতে হচ্ছে।
শুধু তাই নয়, কেন্দ্রের ভিতরে রান্না করার অনুমতি না পাওয়ায় উড়ালপুলের নীচে খোলা জায়গায় রান্না করতে হচ্ছে। ফলে বিপদের আশঙ্কাও থাকছে। এদিন সকালে বাজারপাড়ার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখা গেল, কেন্দ্রের সামনে উড়ালপুলের নীচে কাঠের উনুনে হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। উনুনের কিছুটা দূরে দাঁড়িয়ে পড়ুয়ারা। রান্না করার ফাঁকে কাকলি পাল জানান, ২০০৭ সাল থেকে এইভাবে কাঠের উনুনে রান্না করছি। নতুন বড়িতে এসেও সেই কাঠের উনুনে রান্না করতে হচ্ছে। নীচ থেকে জল ওঠার পাশাপাশি খোলা জায়গায় রান্না করতে সমস্যা হচ্ছে। গ্যাসে রান্না হলে সমস্যা মিটবে বলে জানান তিনি। অন্যদিকে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান শিক্ষিকা সুস্মিতা জানা জানান, সিলিন্ডার-ওভেন এলেও প্রশাসনের অনুমতি না মেলায় কাঠে রান্না করতে হচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুদীপ ঘোষ বলেন, শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে রান্নার জন্য কেন্দ্রগুলিতে উঁচু টেবিল বানাতে বলা হয়েছে। অগ্নি নির্বাপক দপ্তরের অনুমতি পেলেই পুরোদমে গ্যাসের উনুনে রান্না শুরু হয়ে যাবে। নিজস্ব চিত্র