সংবাদদাতা, বালুরঘাট: এবারের মাধ্যমিকে আশানুরূপ ফল করতে পারল না দক্ষিণ দিনাজপুর জেলার পরীক্ষার্থীরা। গতবছর মাধ্যমিকে জেলার সাত পড়ুয়া প্রথম দশে স্থান করে নিয়েছিল। এবার সেই জায়গায় মাত্র দু’জন। বালুরঘাটের অনীক সরকার (রাজ্যে নবম) ও গঙ্গারামপুরের অঙ্কন বসাক (রাজ্যে সপ্তম) ছাড়া আর কেউ মেধা তালিকায় দাগ কাটতে পারেনি। এতে হতাশ দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষামহল। তবে অনেকেই প্রথম দশে অল্পের জন্য স্থান পায়নি। বালুরঘাট বরাবর সাংস্কৃতিক এবং শিক্ষার শহর বলে পরিচিত। প্রতিবছর মাধ্যমিকে অভাবনীয় ফল করে এই শহরের ছেলেমেয়েরা। জেলার নানা স্কুল থেকেও ভালো ফল হয়। এবার আশানুরূপ ফল না হওয়ায় খানিকটা অবাক শিক্ষামহল। যদিও এব্যাপারে দক্ষিণ দিনাজপুরের ডিআই (মাধ্যমিক) দেবাশিস সমাদ্দার বলেন, এবছর জেলা থেকে দু’জন মাধ্যমিকে প্রথম দশে স্থান পেয়েছে। বাকি বেশ কয়েকজন অল্পের জন্য প্রথম দশে জায়গা পায়নি। কেন পারেনি, তা খতিয়ে দেখা হচ্ছে।
এবিষয়ে বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীজিত্ সাহা বলেন, আমাদের আশা ছিল, স্কুল থেকে এবার অন্তত তিনজন প্রথম দশে আসবে। একজন ১ নম্বরের জন্য র্যাঙ্ক করতে পারেনি। আরেকজন ২ নম্বরের জন্য। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থপ্রতিম দত্ত বলেন, আমাদের স্কুলেও একজন ছাত্র অল্পের জন্য মেধা তালিকায় স্থান পায়নি। কেন ছাত্ররা র্যাঙ্ক করতে পারছে না, কারণগুলি খতিয়ে দেখা হবে। প্রধান শিক্ষকের সংযোজন, ছাত্রছাত্রীদের আরও বেশি করে স্কুলমুখী হতে হবে।
বালুরঘাট হাইস্কুলের চয়ন রায় ৬৮৫ নম্বর পেয়েছে। এক নম্বরের জন্য সে মেধা তালিকায় উঠতে পারেনি। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ের সন্দীপ কুমার লাহা ৬৮২ পেয়েছে। বালুরঘাট গার্লস স্কুলের সায়ন্তনী সাহা ৬৭১ নম্বর পেয়েছে। শুধুমাত্র বালুরঘাট হাইস্কুলের অনীক সরকার নবম হয়েছে। গতবছর এই স্কুলেরই পাঁচ পড়ুয়া মেধা তালিকায় ছিল। বালুরঘাট গার্লস হাইস্কুল থেকে দুইজন স্থান পেয়েছিল। এবার বালুরঘাট শহর থেকে মাত্র একজন মেধা তালিকায় স্থান পেয়েছে। বালুরঘাট গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা মহুয়া চৌধুরীর কথায়, গতবছর আমাদের স্কুলের দুজন মেধা তালিকায় জায়গা পেয়েছিল। এবছর কেউ পারেনি।