সংবাদদাতা, তপন: আবগারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে তপনে পথ অবরোধ আদিবাসীদের। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তপন চৌরঙ্গীতে চলে এই অবরোধ। পরে তপন আবগারি দপ্তরে গিয়ে স্মারকলিপি তুলে দেন বিক্ষোভকারীরা।
সংবাদদাতা, তপন: আবগারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে তপনে পথ অবরোধ আদিবাসীদের। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তপন চৌরঙ্গীতে চলে এই অবরোধ। পরে তপন আবগারি দপ্তরে গিয়ে স্মারকলিপি তুলে দেন বিক্ষোভকারীরা।
তাঁদের অভিযোগ, গত ২৮ মার্চ তপনের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকায় এক আদিবাসী পরিবারের বাড়িতে অভিযান চালানোর সময় শেফালি ওরাওঁ নামে এক মহিলাকে মারধর করেন আবগারি দপ্তরের কর্মীরা। যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার প্রতিবাদেই এদিনের অবরোধ।
তপন চৌরঙ্গীতে এদিনের অবরোধে চারটি রুটে বন্ধ হয়ে যায় যান চলাচল। লাঠি, হাঁসুয়া হাতে অবরোধে শামিল হন আদিবাসীরা। বেশ কয়েকঘণ্টা পথ অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।
এবিষয়ে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের তপন ব্লক সভাপতি সত্যেন কেরকেট্টা বলেন, ওই মহিলাকে নির্যাতন করা হয়েছে, যা অনৈতিক। তাঁকে মারধর করা হয়।
হাসপাতালে কয়েকদিন চিকিৎসা চলেছিল ওই মহিলার। এবিষয়ে তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, পথ অবরোধ তুলে দেওয়া হয়।
পরে আবগারি দপ্তরে গিয়ে তাঁরা ডেপুটেশন দেন। যদিও মহিলাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন তপন আবগারি দপ্তরের ওসি সুজয় রায়। বলেন, চোলাই উদ্ধার করতে গিয়ে আমাদের মহিলা কনস্টেবলরা বাধার মুখে পড়েন। ওই মহিলার কাছ থেকে চাবি নিতে গেলে একটু ধস্তাধস্তি হয়।