নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পদোন্নতির দাবিতে কলকাতা পুরসভার কিছু ইঞ্জিনিয়ার বিক্ষোভ দেখালেন। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে তাঁদের পদোন্নতি আটকে রয়েছে, এই অভিযোগ তুলে সোমবার পুরসভার অতিরিক্ত কমিশনার প্রবালকান্তি মাইতির ঘরের সামনে মেঝেতে বসে বিক্ষোভ দেখান পুর-ইঞ্জিনিয়ারেরা। চলে স্লোগানিং। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা অনেক দিন ধরেই আন্দোলন করছেন। মেয়র ফিরহাদ হাকিম তাঁদের সমস্যা মেটানোর আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু জট কাটেনি। তাঁদের দাবি, পুরসভার দুই আধিকারিক চক্রান্ত করে এই পদোন্নতি আটকানোর চেষ্টা করছেন। ইঞ্জিনিয়ারদের সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিংহ বলেন, ইঞ্জিনিয়ারদের পদোন্নতি সাড়ে তিন বছর ধরে আটকে রয়েছে। আমরা আন্দোলন করছিলাম। হাইকোর্টে মামলা করেছি। পুরসভাও ডিভিশন বেঞ্চে গিয়েছে। এতে আমাদের আপত্তি নেই। মেয়র সাহেব আমাদের ডেকে বলেছিলেন, আন্দোলনের কোনও প্রয়োজন নেই। তিনি উচ্চ পর্যায়ের কমিটিও গ়ড়েন। সেখানে আমাদের বক্তব্য শোনা হয়। কমিটি রিপোর্টও দেয়। মেয়রের কাছে তা জমাও পড়ে। আমরা আশাবাদী ছিলাম, জট কাটবে। কিন্তু, দু’জন আধিকারিক চক্রান্ত করেছেন আমাদের বিরুদ্ধে। তা নিয়েই আমাদের ক্ষোভ। মানসবাবুর সংযোজন, আমরা মেয়রকে এখনও বিশ্বাস করি। কিন্তু যে দুই আধিকারিক মেয়রকে অন্ধকারে রেখে চক্রান্ত করলেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।



