Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তাদের খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু, বীরভূমে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের ১ কোটি ৯ লক্ষ উপভোক্তাকে মোট ২৯৩০ কোটি টাকা দেওয়া শুরু করল নবান্ন। প্রতি বছর দু’টি কিস্তিতে এই প্রকল্পের টাকা দেওয়া হয় কৃষক এবং বর্গাদারদের।

কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তাদের খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু, বীরভূমে ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের ১ কোটি ৯ লক্ষ উপভোক্তাকে মোট ২৯৩০ কোটি টাকা দেওয়া শুরু করল নবান্ন। প্রতি বছর দু’টি কিস্তিতে এই প্রকল্পের টাকা দেওয়া হয় কৃষক এবং বর্গাদারদের। মঙ্গলবার খরিফ মরশুমের টাকা ছাড়া হল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের ইলামবাজারে বিডিও অফিস সংলগ্ন রাইস মিলের মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নবান্ন সূত্রে খবর, এদিন থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। এই প্রকল্পের আওতায় থাকা রাজ্যের কৃষক ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। এর চেয়ে কম জমি থাকলে তাঁদেরও আনুপাতিক হারে বছরে কমপক্ষে ৪ হাজার টাকা করে দেওয়া হয়।  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বছরের শেষের দিকে বা ডিসেম্বর মাসে রবি মরশুমের জন্য সম পরিমাণ টাকা দেওয়া হবে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের উপভোক্তাদের। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে কৃষক স্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। ২০১৯ সালে চালু করা হয় কৃষকবন্ধু প্রকল্প। তারপর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মোট ২৪,০৮৬ কোটি টাকার আর্থিক সহায়তা নিশ্চিত করেছে রাজ্য সরকার। এছাড়া, ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনও কৃষক মারা গেলে তাঁর পরিবারকে সামাজিক সুরক্ষা বাবদ ২ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করে রাজ্য। এই খাতে রাজ্যের প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কৃষক পরিবারকে মোট ২,৯২০ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে বলে এদিন এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি সবসময় মনে করি, কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাঁদের সার্বিক কল্যাণের জন্য কাজ করে যাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ