• প্রথমবার সঞ্চালকের ভূমিকায় অভিনেত্রী পায়েল দে। সান বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সঞ্চালনা করবেন তিনি। এতদিন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এই দায়িত্ব সামলেছেন। তাঁর সঞ্চালনায় বেশ জনপ্রিয় হয়েছিল অনুষ্ঠানটি। তবে ব্যস্ততার কারণে সরে দাঁড়ালেন তিনি। সঞ্চালক হিসাবে পায়েলের লুক প্রকাশিত হল। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রথমবার রিয়েলিটি শো সঞ্চালনা করব। প্রতিযোগীদের জীবনের লড়াই, সাফল্যের গল্প শুনে আশা করি আরও সমৃদ্ধ হব। সান বাংলার সঙ্গে আবার নতুন করে কাজ করতে পেরে ভালো লাগছে। এই অনুষ্ঠান মানুষকে কেবল আনন্দ দেয় না, ভাবতে শেখায়। মানুষের স্বপ্নপূরণের জার্নির সঙ্গী হতে পারব, এটা ভেবেই দারুণ লাগছে।’ নতুন সঞ্চালিকার উদ্দেশ্যে সুদীপ্তার বার্তা, ‘এই অনুষ্ঠান ব্যক্তিগতভাবে আমাকে অনেকটা বদলে দিয়েছে। এমন কিছু মুহূর্তের সাক্ষী থেকেছি যা আমার সারাজীবনের সম্পদ। ব্যস্ততার কারণে বিরতি নিতে হচ্ছে। তবে গোটা টিম আর পায়েলের জন্য অনেক শুভেচ্ছা।’ আগামী ৩০ আগস্ট থেকে পায়েলের সঞ্চালনায় শুরু হবে এই অনুষ্ঠানের তৃতীয় সিজন। ফরম্যাটেও আসছে বদল। ৯০ মিনিট ধরে প্রচারিত প্রতি পর্বে অংশ নেবেন চারজন। থাকছে একাধিক আকর্ষণীয় রাউন্ডও। এবারও অবশ্য থাকছে ‘লক্ষ্মী ব্যাংক’। আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রতিযোগীদের সাহায্য করা হয় এর মাধ্যমে।



