• মুম্বইয়ের ভারসোভা এলাকায় আবাসন কিনলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। সমুদ্রমুখী এই অ্যাপার্টমেন্টের জন্য ইতিমধ্যে চুক্তি সেরেছেন তারকা দম্পতি। ২ হাজার ৬৪৪ স্কোয়ার ফুটের এই অ্যাপার্টমেন্টের জন্য ১৮ কোটি ২৯ লক্ষ টাকা খরচ পড়েছে তাঁদের। বর্তমানে লন্ডনে থাকছেন অনুষ্কা। দীর্ঘদিন ধরে তিনি লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে। তিনি শীঘ্রই কাজে ফিরবেন বলে খবর। শোনা গিয়েছে, অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ ছবিতে কাজ করার কথা অনুষ্কার। এই সিনেমায় একাধিক নায়িকাকে দেখা যাবে। দীপিকা পাড়ুকোন, ম্রুনাল ঠাকুর, রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর সহ আরও অনেকে। অ্যাটলি পরিচালিত এই ছবির জন্য জোরকদমে শ্যুটিং করছেন দীপিকা। তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। তবে পেশাদার প্রতিশ্রুতির কারণে শ্যুটিং চালিয়ে যাচ্ছেন নায়িকা। যদিও অনুষ্কা আদৌ এই ছবিতে কাজ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। নির্মাতাদের তরফে বিষয়টি নিশ্চিতও করা হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। সদ্য দুই সন্তান ভামিকা ও অকায়কে নিয়ে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন অনুষ্কা ও বিরাট। তারপরই অ্যাপার্টমেন্ট কেনার সিদ্ধান্ত তাঁদের। যদিও এই আবাসনটি তাঁরা কী উদ্দেশ্যে কিনেছেন, তা জানা যায়নি। অভিনেত্রীকে আবার পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তাঁদের আশা, শীঘ্রই কাজে ফিরবেন নায়িকা।



