শুরু হতে চলেছে ‘বিগ বস’ বাংলা। সঞ্চালনার দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসাবে কারা থাকবেন, সেদিকে নজর সকলের। প্রতিযোগী প্যানেলে অভিনেত্রী শ্রুতি দাস থাকতে পারেন, এমন একটি গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে অভিনয় করছেন শ্রুতি। নিশা চরিত্রে দর্শকমহলে প্রশংসা পেয়েছে তাঁর অভিনয়। তাহলে ‘বিগ বস’-এর জন্য কি ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে নিশার ট্র্যাক কমছে? এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল শ্রুতির সঙ্গে। তিনি অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর কথায়, ‘এটা ভুল খবর। আমার কাছে এমন কোনো তথ্য নেই। ধারাবাহিকে বর্তমানে নিশার ট্র্যাকই তো চলছে। সে এখন রাজনৈতিক নেত্রী হচ্ছে, এখন নিশা সরে গেলে কী করে হবে?’ শ্রুতির সংযোজন, ‘জোয়ার ভাঁটার একদম শেষ এপিসোড পর্যন্ত থাকবে নিশা। কারণ আমাদের দু’জনকে (উজি ও নিশা) নিয়েই গল্প এগচ্ছে। ফলে আমরা কেউই সরে দাঁড়াতে পারব না। আমরা চুক্তিবদ্ধ রয়েছি।’ তাহলে কি শ্রুতির বিগ বসে যাওয়ার জন্য ধারাবাহিক বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে? তাঁর কথায়, ‘আমার কাছে বিগ বসে যাওয়ার কোনো প্রস্তাবই নেই।’ সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস’ বাংলা। এই অনুষ্ঠানে একাধিক চমক থাকবে, তা বলাই বাহুল্য। তবে জনপ্রিয় ধারাবাহিক ছেড়ে শ্রুতি অনুষ্ঠানে অংশ নেন কি না, তা জানা যাবে প্রতিযোগী তালিকা প্রকাশের পরই।



