নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবাক ছবি পাতিপুকুর আন্ডারপাসের। মঙ্গলবার দুপুরে মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে এক্সাইডের মতো কলকাতা শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যখন জল জমে রয়েছে, তখন জল নেই পাতিপুকুর আন্ডারপাসে। প্রসঙ্গত এখানে আস্ত একটি বাসের অর্ধেক অংশ ডুবে গিয়েছিল জলে।
এই জায়গার খুব কাছেই রয়েছে কলকাতা পুরসভার দত্তবাগান পাম্পিং স্টেশন। সেই স্টেশন জোনে সোমবার রাত একটা থেকে মঙ্গলবার দুপুর তিনটে পর্যন্ত ৮৭ মিমি বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছে। তবুও জল জমার চেনা ছবি দেখা যায়নি পাতিপুকুর আন্ডারপাসে। কলকাতা পুরসভা আন্ডারপাসের নিকাশি নালা সাফ করার কাজ করেছে। তার ফলেই জল জমেনি বলে মনে করছেন পুরকর্তারা।
যদিও মে মাসে সামান্য বৃষ্টিতেই পাতিপুকুর আন্ডারপাসে জল জমে গিয়েছিল। তারপর বিস্তর বিতর্ক হয়। এই ঘটনার পর এখানকার নিকাশি ব্যবস্থা সংস্কারের দায়িত্ব কলকাতা পুরসভার নিকাশি বিভাগকে দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং একাধিকবার ওই এলাকা পরিদর্শনে যান। কাজের তদারকি করেন। পুরসভার তথ্য অনুযায়ী, ওখানকার নিকাশি নালা থেকে এখনও পর্যন্ত প্রায় ৭০ টন পলি তোলা হয়েছে। সংলগ্ন এলাকায় থাকা কেএমডিএ’র পাম্পিং স্টেশনটি কার্যকর ছিল না। সেখানে দু’টি নতুন পাম্প (২০ ও ৪০ হর্স পাওয়ার) বসানো হয়েছে। পুরসভার এক আধিকারিক বলেন, ওখানে যখন আমরা ম্যানহোল সাফ করতে গিয়েছিলাম দেখেছি একের পর এক বস্তা দিয়ে ম্যানহোল ভরাট করা রয়েছে। ফলে জল বেরতে পারত না। সেগুলি সরানো হয়েছে। বিপুল পরিমাণ পলিও তোলা হয়েছে। যার ফলে পাল্টে যাওয়া ছবি দেখা গেল পাতিপুকুর আন্ডারপাসে। পুরসভা জানিয়েছে, দত্তবাগান পাম্পিং স্টেশনের জল পাতিপুকুর আন্ডারপাসের তলা দিয়ে বাগজোলা খালে পড়ে। সেই জল এতদিন রাস্তায় জমে থাকত। নালা থেকে পলি তুলে ডিসিল্টিং করার ফলে এখন সহজেই জল বেরিয়ে গিয়েছে। নিজস্ব চিত্র