Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বহির্বিভাগে অপেক্ষায় রোগীরা, দেখা নেই চিকিৎসকদের, ব্যাপক ভোগান্তি

মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে রোগীরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকলেও বহুসময়ে দেখা মিলছে না কর্তব্যরত চিকিৎসকদের। ফলে ফাঁকা পড়ে থাকছে সংশ্লিষ্ট বিভাগ।

বহির্বিভাগে অপেক্ষায় রোগীরা, দেখা নেই  চিকিৎসকদের, ব্যাপক ভোগান্তি
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে রোগীরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকলেও বহুসময়ে দেখা মিলছে না কর্তব্যরত চিকিৎসকদের। ফলে ফাঁকা পড়ে থাকছে সংশ্লিষ্ট বিভাগ। এমনই অভিযোগ করেছেন গাজোল ব্লকের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনরা। এনিয়ে অনেকেই সরব হয়েছেন। শুক্রবার বেলা ১২টা ৫৪ মিনিটে হাসপাতালের বহির্বিভাগে ঢুঁ মেরে দেখা যায় একজনও কর্তব্যরত চিকিৎসক নেই। ওই বিভাগের মধ্যেই রোগীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। কেউ অসহায় অবস্থায় বেঞ্চে বসে রয়েছেন। কেউ বা জানালার ধারে দাঁড়িয়ে চিকিৎসকদের জন্য অপেক্ষা করছেন। 

Advertisement

কেন নেই চিকিৎসকরা? নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ভিড় হয়। তাঁরা ওখানেই গিয়েছেন। এদিন হাসপাতালে আসা  অভিজিৎ বিশ্বাস বলেন, আমার আত্মীয় অসুস্থ, তাই নিয়ে এসেছিলাম। বহির্বিভাগে সাড়ে ১১টা থেকে ঘণ্টা খানেকের বেশি সময় জুড়ে চিকিৎসক নেই। এসে শুনলাম সকাল ১১টার আগে চিকিৎসকরা ছিলেন। এখন কোথায় গিয়েছেন জানি না। উল্লেখ্য, এটি আগে গ্রামীণ হাসপাতাল ছিল। সম্প্রতি স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত হয়েছে। হাসপাতালের নতুন ভবনে তিন তলায় বহির্বিভাগ রয়েছে।  বহির্বিভাগ সকাল ৯ টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা। গাজোলের বাসিন্দা বাবলা সরকার বলেন, পশ্চিমবঙ্গের মধ্যে বড় ব্লক আমাদের। অনেক গরিব মানুষ এখানে বসবাস করেন। ডোবা খোকসন সহ প্রত্যন্ত গ্রামের মানুষদের হাসপাতালে আসতে এবং যেতে ২০০ টাকার বেশি খরচ হয়। সবাই অনেক আশা নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু চিকিৎসা পরিষেবা ভালো নয়। 
বেশিরভাগ সময় চিকিৎসক থাকেন না। প্রশাসনের দেখা উচিত। গাজোল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় বলেন, চিকিৎসকদের বলে দেওয়া হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত বহির্বিভাগে বসতে হবে। বিষয়টি খতিয়ে দেখা হবে। আগামী সোমবার থেকে নিজে বিষয়টি দেখব। সব সময় ভালো পরিষেবা দেওয়া হয়। আগের থেকে হাসপাতাল অনেক উন্নত হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ