Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্মার্টফোন নেই, ডিজিটাল এক্স-রে প্লেটের ছবি তুলতে না পেরে ফিরে যাচ্ছেন রোগীরা

স্মার্টফোন নেই, ডিজিটাল এক্স-রে প্লেটের ছবি তুলতে না পেরে ফিরে যাচ্ছেন রোগীরা
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: হাতে দামি স্মার্ট ফোন নেই। ছোট ফোনে কম্পিউটার থেকে ডিজিটাল এক্স রে প্লেটের ছবি তোলা যাচ্ছে না। তাই ফিরে যেতে হচ্ছে রোগীদের। অনেক ক্ষেত্রে আবার তাড়াহুড়োয় স্মার্ট ফোন থেকে  এক্স রে প্লেটের ছবি তুলতে গিয়ে তা স্পষ্ট হচ্ছে না। ফলে তা দেখালে চিকিৎসক বিরক্ত হচ্ছেন বলে অভিযোগ রোগীদের। হাসপাতালে ডিজিটাল এক্স রে প্লেটের জোগান পর্যাপ্ত নয়। তাই মোবাইলে প্লেটের ছবি তুলে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই চিত্র বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের।

Advertisement

সুপার ডাঃ ধীরাজ রায় সমস্যার কথা স্বীকার করে বলেন, ডিজিটাল এক্স রে প্লেটের চাহিদা থাকলেও তা পর্যাপ্ত নেই। তাই স্মার্ট ফোনে প্লেটের ছবি তুলতে বলা হয়েছে রোগীদের। কিন্তু যাঁদের ছোট মোবাইল ফোন রয়েছে, তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। ডিজিটাল এক্স রে প্লেটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোজই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ ভিড় করেন। কুলতলি থেকে আসা সঞ্জয় কয়াল বলেন, আমার পায়ের চোট আছে। চিকিৎসক বলেছেন ডিজিটাল এক্স রে করিয়ে নিতে। কিন্তু আমার ছোট মোবাইল ফোন। তাই প্লেটের ছবি তুলতে না পেরে ফিরে যেতে হয়েছে। পরে বাইরে থেকে এক্স রে করে তবেই চিকিৎসককে দেখাতে পেরেছি। আবার জয়নগরের বধূ শম্পা মণ্ডল বলেন, আমারও ছোট মোবাইল ফোন। তাই ফিরে যেতে হয়েছিল প্রথম দিন। পরের দিন ছেলের স্মার্ট ফোন নিয়ে এসে তবেই প্লেটের ছবি তুলতে পারি।
বারুইপুরের বাসিন্দা অসীম ঘোষ আবার বলেন, আমার স্মার্ট মোবাইল ফোন আছে। কিন্তু এক্স রে পরিষেবা নিতে এসে দেখি লম্বা লাইন। এদিকে, চিকিৎসক ২ টোর পরে আউটডোরে বসবেন না। তাই তাড়াহুড়ো করে প্লেটের ছবি তুলতে গিয়ে সেটা ভালো হয়নি। চিকিৎসক আবার নতুন করে ছবি তুলে আনতে বলেন। হাসপাতাল সূত্রে খবর, কয়েক মাস ধরে ডিজিটাল এক্স রে প্লেট নেই হাসপাতালে। ম্যানুয়াল এক্স রে করতে হলে রাত ৮টার পর হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ