নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগী ও তাঁর পরিজনদের মারধরের অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা এসে পরিস্থিতি সামাল দেন। জানা গিয়েছে, এদিন বিকেলে বারাসতের কাজিপাড়ার বাসিন্দা শুকুর আলি মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। নিয়মানুযায়ী শুকুরকে ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসকরা। সেই মতো টিকিটও কাটা হয়। কিন্তু ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকজন সিদ্ধান্ত নেন যে, রোগীকে তাঁরা আর হাসপাতালে রাখবেন না। বিষয়টি নিয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে তাঁদের তুমুল বচসা হয়।



