Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কাপ জিততে বোলারদের দিকে তাকিয়ে পাটীদার

পরপর দু’বার আইপিএল জেতার কৃতিত্ব রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের। তৃতীয় দল হিসেবে সেই তালিকায় নাম লেখাতে প্রত্যয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কাপ জিততে বোলারদের দিকে তাকিয়ে পাটীদার
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: পরপর দু’বার আইপিএল জেতার কৃতিত্ব রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের। তৃতীয় দল হিসেবে সেই তালিকায় নাম লেখাতে প্রত্যয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সে জন্য রবিবারের ফাইনালে গুজরাত টাইটান্সকে হারাতে বোলারদের উপরই আস্থা রাখছেন আরসিবি অধিনায়ক রজত পাটীদার। তিনি বলেন, ‘বোলাররা টুর্নামেন্ট জেতায়। তাই কাপ জিততে হলে আমাদের বোলারদের উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরতে হবে। কারণ, আমেদাবাদের উইকেট ব্যাটিং সহায়ক। এখানে ২০০-২২০ রান সহজেই উঠবে। তবে সেই রান ডিফেন্ড করার জন্য আঁটসাঁট বোলিং প্রয়োজন।’

Advertisement

গতবার মেগা নিলামে ভুবনেশ্বর কুমার, জস হ্যাজলউদের নিয়ে বোলিং ইউনিট ঢেলে সাজানোর সুফল পেয়েছে আরসিবি। ১৮ বছরে প্রথমবার আইপিএল ট্রফির স্বাদ পান বিরাট কোহলিরা। এবারও বল হাতে ভুবনেশ্বর দুর্দান্ত ছন্দে। ১৫ ম্যাচে ২৬টি উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে রয়েছেন অভিজ্ঞ পেসার। অভিজ্ঞ পেসারের প্রশংসায় পাটীদার বলেন, ‘ভুবনেশ্বরের মতো বোলার দলের সম্পদ। এমন বড় আসরে নিখুঁত পরিকল্পনা ও স্ট্র্যাটেজির বাস্তবায়ন সহজ নয়। কিন্তু ভুবি ম্যাচের পর ম্যাচ তা করে যাচ্ছে। দলকে ফাইনালে তোলার পিছনে ওর অবদান অনেক। পাশাপাশি হ্যাজলউডের কথা ভুললে হবে না। রসিখও ভরসা জোগাচ্ছে।’ 
আরসিবি’র ব্যাটিং নিয়ে তো সংশয়ের অবকাশ নেই। ওপেনিংয়ে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে। এখনও পর্যন্ত ১৫ ম্যাচে ৬০০ রান করেছেন তিনি। বলার অপেক্ষা রাখে না, ফাইনালের মতো বড় মঞ্চে সেরা পারফরম্যান্স মেলে ধরতে মুখিয়ে ‘দ্য রান মেশিন’। তবে ফিল সল্টের আঙুলে চোট রয়েছে। এই প্রসঙ্গে পাটীদার বলেন, ‘সল্ট অনুশীলনে করেছে। ম্যাচের দিন চিকিত্সকদের সঙ্গে পরামর্শ করে ওর খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ