


মেলবোর্ন: আইপিএল শুরু হতে ঠিক এক সপ্তাহ বাকি। অথচ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কোটিপতি লিগে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজলউডদের শুরুর দিকে খেলার সম্ভাবনা নেই। চোট এবং ওয়ার্কলোডের কথা মাথায় রেখে তাঁদের ব্যাপারে বেশ সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে চিন্তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলির।
তারই মধ্যে আবার আইপিএল থেকে ছিটকে গেলেন অজি অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস। ৩ কোটি টাকায় তাঁকে সই করিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। বিগ ব্যাশে সিডনি সিক্সারসের হয়ে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন এডওয়ার্ডস। ব্যাটের হাতও মন্দ নয়। চোটের কারণে তাঁর সরে দাঁড়ানো নিঃসন্দেহে বড় ধাক্কা হায়দরাবাদের কাছে। উল্লেখ্য, ২৮ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবি’র মুখোমুখি হবে কমলা ব্রিগেড। উল্লেখ্য, আগের দিনই চোটের কারণে ছিটকে গিয়েছেন আর এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার নাথান এলিস। চেন্নাই সুপার কিংসে ছিলেন তিনি।
আইপিএলে হায়দরাবাদের অধিনায়ক কামিন্স। অন্যদিকে, আরসিবি’র গুরুত্বপূর্ণ সদস্য হ্যাজলউড। আর মিচেল স্টার্ক চুক্তিবদ্ধ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। কিন্তু তিন তারকা পেসারকে ছাড়াই প্রথমদিকের ম্যাচের পরিকল্পনা সাজাতে হচ্ছে তাঁদের দলকে। প্যাট কামিন্স দীর্ঘদিন পিঠের চোটে ভুগছেন। হ্যাজলউড জেরবার হ্যামস্ট্রিংয়ের সমস্যায়। অস্ট্রেলিয়ান বোর্ড তাঁদের রিহ্যাবের দিকে কড়া নজর রাখছে। আর ৩৬ বছর বয়সি মিচেল স্টার্কের অপেক্ষা বাড়াচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতি। আসলে আগামী বছর ওডিআই বিশ্বকাপের কথা ভেবেই এমন সতর্কতা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ভারত এবং ইংল্যান্ড সফরও রয়েছে তাদের সূচিতে। যার মধ্যে রয়েছে ২১ টি টেস্ট ম্যাচও। অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড বলেছেন, ‘কামিন্সদের ফিটনেসের দিকে নজর থাকবে। ঝুঁকির কোনো অবকাশ নেই। তবে ওদের দ্রুত মাঠে ফেরা নিয়ে আমরা আশাবাদী।’ উল্লেখ্য, চোটের কারণে টি-২০ বিশ্বকাপে কামিন্স, হ্যাজলউডের সার্ভিস পায়নি অস্ট্রেলিয়া। গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হয় ক্যাঙারুর দেশকে। সেই আক্ষেপ মেটাতে একদিনের বিশ্বকাপ জিততে মরিয়া অস্ট্রেলিয়া।