Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেন বাতিলে যাত্রীদের দুর্ভোগ চরমে, লাফিয়ে বাড়ছে বাসভাড়া

নিউ ফরাক্কায় রেল লাইনে ধসের কারণে বহু ট্রেন বাতিলের কারণে মালদহে চরমে উঠল যাত্রী দুর্ভোগ।

ট্রেন বাতিলে যাত্রীদের দুর্ভোগ চরমে, লাফিয়ে বাড়ছে বাসভাড়া
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: নিউ ফরাক্কায় রেল লাইনে ধসের কারণে বহু ট্রেন বাতিলের কারণে মালদহে চরমে উঠল যাত্রী দুর্ভোগ। জরুরি কাজে শুক্রবার যাঁদের কলকাতায় যাওয়ার দরকার ছিল, দিনভর বাস পেতে কার্যত তাঁদের নাকানিচোবানি খেতে হয়। সরকারি বাসে সিট নেই। বেসরকারি ভলভো বাসের ভাড়া বেড়েছে লাফিয়ে। মালদহ থেকে শিলিগুড়ি কিংবা কলকাতায় যেতে যেমন সমস্যায় পড়তে হয় মানুষজনকে, তেমনই যাঁরা কলকাতায় কাজে গিয়েছেন একের পর ট্রেন বাতিলে তাঁদের অনেকেই ফিরতে পারেননি এদিন। 

Advertisement

অভিযোগ, কলকাতা থেকে মালদহে এলেও বেসরকারি বাসে যাত্রীদের কাছ শিলিগুড়ি পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে। অন্য সময় যে বাসে এক হাজার টাকারও কম ভাড়ায় কলকাতা থেকে মালদহে চলে আসা যায়, সেখানে এদিন ভাড়া গুণতে হয়েছে তিন হাজার টাকা। তাতেও টিকিট নিয়ে কার্যত মারামারির পরিস্থিতি। কলকাতায় জরুরি কাজে গিয়েছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এদিন ফেরার ট্রেন ছিল তাঁর। কিন্তু তা বাতিল হয়ে যাওয়ায় গাড়িতে ফিরতে হয় তাঁকে। এদিন ইংলিশবাজারের ফোয়ারা মোড়ে বসে বিপ্লব শর্মা বলেন, মালদহে জরুরি কাজ রয়েছে। ট্রেন না মেলায় পাকুড় থেকে বাসে আসতে হল। ভাড়া তো বেশি লেগেইছে। তার উপর বাসে যা ভিড়, তাতে রীতিমতো দম বন্ধ করা পরিস্থিতি। পর পর ট্রেন বাতিলের জেরে বৃহস্পতিবার রাত থেকেই মালদহ টাউন স্টেশনে আছড়ে পড়ছে যাত্রীদের ক্ষোভ। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আজ, শনিবারও কলকাতাগামী বহু ট্রেন বাতিল থাকবে। ফলে ভোগান্তি আরও বৃদ্ধির আশঙ্কা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ