Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ শাখায় যাত্রী নিরাপত্তায় জোর, লোকাল ট্রেনে বাড়তি মহিলা কামরা

শিয়ালদহ শাখায় যাত্রী নিরাপত্তায় জোর, লোকাল ট্রেনে বাড়তি মহিলা কামরা
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ শাখার মহিলা যাত্রীদের জন্য সুখবর। দেশের ব্যস্ততম এই লাইনে লোকাল ট্রেনে বাড়তি একটি মহিলা কামরা যুক্ত হতে চলেছে। প্রথম পর্যায়ে সর্বাধুনিক থ্রি-ফেজ আইসিএফ রেকগুলিতে মহিলা যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এই ব্যবস্থা কার্যকর হবে। আগামীতে শিয়ালদহ ডিভিশনের সমস্ত রেকে এই বিশেষ সুবিধা যুক্ত হবে। 

Advertisement

প্রসঙ্গত, এই মুহূর্তে ডিভিশনে সমস্ত লোকাল ট্রেন ১২ কোচ বিশিষ্ট। সেখানে রেকের সামনে ও পিছনে একটি করে কোচ মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত থাকত। মূলত সামনের দিকে মোটরম্যান (চালক) ও পিছনে গার্ডের কামরার আগের কোচ দু’টি পুরুষ যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। নয়া আইসিএফ রেকে পরবর্তী দু’প্রান্তের কোচ জোড়া অর্ধেক জেনারেল ও অর্ধেক ভেন্ডার— এহেন বিন্যাসে বিভক্ত। লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আইসিএফ রেকগুলির দু’দিকের লেডিজ কামরার পরবর্তী জেনারেল অংশকে মহিলা কামরায় রূপান্তরিত করা হচ্ছে। সবমিলিয়ে শিয়ালদহ ডিভিশনে নারী যাত্রীদের জন্য এবার থেকে তিনটি করে কামরা সংরক্ষিত থাকবে।
এ প্রসঙ্গে শিয়ালদহ ডিভিশনের এক কর্তা বলেন, দিন দিন মহিলা যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ব্যস্ত সময়ে অতিরিক্ত চাপে মহিলা কামরায় উঠতে সমস্যার ভোগেন মা-বোনেরা। তাঁদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে বাড়তি কামরা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, অফিস টাইমে প্রতিটি কোচে ২৫০ জন করে যাত্রী সওয়ার হয়। ১০০ জন বসার আসন পান। বাকি ১৫০ জন দাঁড়িয়ে সফর করেন। এক্ষেত্রে আগে মহিলাদের কামরায় ব্যস্ত সময়ে সর্বোচ্চ ৫০০ জন যাতায়াত করতে পারতেন। বাড়তি কোচ যুক্ত হওয়ায় সেই সংখ্যা ৭৫০ ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, বর্তমানে শিয়ালদহ ডিভিশনে ৩০টি থ্রি-ফেজ আইসিএফ রেকে মহিলা যাত্রীদের জন্য বিশেষ সুবিধা মিলবে। জানা গিয়েছে, পুরনো রেকগুলিকে একইভাবে ভেন্ডার থেকে জেনারেল কামরা পৃথক করার কাজ শুরু হয়ে গিয়েছে, যা পরবর্তীতে আইসিএফ রেকের মতোই মহিলাদের জন্য বরাদ্দ করে দেওয়া হবে। দিনের সব সময়ে শিয়ালদহ ডিভিশনে বাড়তি মহিলা কামরা সহকারে যাত্রী পরিষেবা দেবে। অগ্রাধিকারের ভিত্তিতে অতিরিক্ত এই কোচ সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ