Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ স্টেশনে চাঙড় ভেঙে পড়ল যাত্রীর মাথায়

দৈনিক ১২ থেকে ১৫ লাখ যাত্রী শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করে। দুর্গাপুজো কিংবা উৎসবের মরশুমে ট্রেনযাত্রীদের চাপ আরও বেড়ে যায়।

শিয়ালদহ স্টেশনে চাঙড়  ভেঙে পড়ল যাত্রীর মাথায়
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দৈনিক ১২ থেকে ১৫ লাখ যাত্রী শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করে। দুর্গাপুজো কিংবা উৎসবের মরশুমে ট্রেনযাত্রীদের চাপ আরও বেড়ে যায়। যাত্রীসংখ্যার দিক থেকে শিয়ালদহ দেশের ব্যস্ততম স্টেশনগুলির অন্যতম। এহেন গুরুত্বপূর্ণ স্টেশনের সার্বিক রক্ষণাবেক্ষণ নিয়ে এবার বড়োসড়ো প্রশ্ন উঠে গেল। কারণ, বুধবার ব্যস্ত সময়ে স্টেশনের ছাদের চাঙড় ভেঙে পড়ে। ওইসময় ব্যক্তিগত কাজে কাকদ্বীপ থেকে শিয়ালদহ নেমেছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা প্রতিমা গায়েন। বেলা সাড়ে ১২টা নাগাদ স্টেশন দিয়ে হাঁটার সময় প্ল্যাটফর্ম ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের উপরের ছাদের চাঙড় ভেঙে পড়ে। 

Advertisement

সূত্রের দাবি, কংক্রিটের চাঁই ওই মহিলার মাথায় এসে পড়ে। গুরুতর চোট পান প্রতিমা দেবী। পুজোর বাজারসহ বিভিন্ন কাজে বেরোনো যাত্রীদের ভিড়ে ওইসময় থিক থিক করছিল স্টেশন চত্বর। আচমকা মাথায় ‘ছাদ’ ভেঙে পড়ায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেকে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন। যার জেরে সংশ্লিষ্ট এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। 
উল্লেখ্য, শিয়ালদহ স্টেশনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে রেল। শিয়ালদহকে অমৃত ভারত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। যার মূল লক্ষ্য যাত্রীস্বাচ্ছন্দ্য, আধুনিক ব্যবস্থাপনা, উন্নত পরিষেবাসহ ঝাঁ চকচকে চেহারায় ভোল বদলাতে চলেছে এই সুপ্রাচীন রেল স্টেশন। এহেন হাইপ্রোফাইল স্টেশনের ছাদ ভেঙে যাত্রীকে আহত করার ঘটনায় শিয়ালদহের গরিমা ধাক্কা খেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রেলের তরফে সরকারিভাবে এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে। ওই মহিলা এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন দেখার এই কাজের দায়িত্বে থাকা রেলকর্তারা ঘটনাটির দায় স্বীকার করেন কি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ