সংবাদদাতা, উলুবেড়িয়া: ভুটভুটিতে চেপে রূপনারায়ণ পারাপারের সময় মোবাইলে ছবি তুলছিলেন তিনি। সেই সময় অসাবধানতাবশত জলে পড়ে গেলে তলিয়ে যান মাঝবয়সি ওই ব্যক্তি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে রূপনারায়ণের বুকে বাকসী খেয়াঘাটের কাছে। দুর্ঘটনার পর বাগনান থানার পুলিস নদীতে ডুবুরি নামিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালালেও রাত পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ভুটভুটিটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার দুধকামরা থেকে বাকসী ঘাটে আসছিল। তখন সবে ভাটা শুরু হয়েছে। ফলে ভালো স্রোত ছিল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মাঝবয়সি ওই ব্যক্তি নৌকায় বসে ঝুঁকে জলের ছবি তোলার চেষ্টা করছিলেন। সেইসময় আচমকাই তিনি উল্টে জলে পড়ে যান। যাত্রীদের বক্তব্য, ঢেউয়ের কারণে ভুটভুটিটি দুলে উঠলে তিনি বেসামাল হয়ে পড়ে যান। সহযাত্রীরা চিৎকার করে উঠলে মাঝি ভুটভুটির মুখ ঘুরিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রূপনারায়ণে তখন স্রোত থাকায় তলিয়ে গিয়েছেন তিনি। খবর পেয়েই বাগনান থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। যদিও রাত পর্যন্ত নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বছর খানেক আগে হাওড়ার একটি দল বাকসী থেকে দুধকামরার একটি পার্কে পিকনিক করতে গিয়েছিল। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। পিকনিক সেরে ফেরার সময় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। সকলেই নদীতে পড়ে যান। যাত্রীদের অনেককে উদ্ধার করা গেলেও চারজন নিখোঁজ হয়ে যান। পরে ধাপে ধাপে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। একজনের খোঁজ পাওয়া যায়নি।