সংবাদদাতা, বোলপুর: অমৃত ভারত প্রকল্পে প্রায় ২১.১ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন যজ্ঞ চলছে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে। তারই অংশ হিসেবে তৈরি হচ্ছে নতুন ফুট ওভার ব্রিজ। রবিবার স্টেশন পরিদর্শনে এসে কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। তখনই তাঁর কাছে একগুচ্ছ দাবি তুলে ধরল আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। রেল সূত্রে জানা গিয়েছে, নির্মীয়মাণ নতুন ফুট ওভার ব্রিজটি ১২ মিটার চওড়া হচ্ছে। এক, দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে ওঠানামার জন্য সিঁড়ি থাকবে। দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে বসবে লিফট ও এসক্যালেটর। ব্রিজটি চালু হলে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের অংশ থেকে সরাসরি দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরের অংশে যাতায়াত করা যাবে। বর্তমানে স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যাত্রীদের স্টেশনের ভিতর দিয়ে যাতায়াত করতে হয়। মাত্র একটি ফুট ওভার ব্রিজ থাকায় ব্যস্ত সময়ে ভিড়ও বাড়ে। নতুন ব্রিজ চালু হলে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হবে বলে আশা। পূর্ব রেলের গতিশক্তি ইউনিটের তত্ত্বাবধানে চলছে নির্মাণকাজ। এই প্রকল্পে প্রবেশপথ, পার্কিং, প্ল্যাটফর্ম এবং যাত্রী পরিষেবার উন্নয়নের কাজও রয়েছে। রবিবার পরিদর্শনে এসে এই কাজগুলি খতিয়ে দেখেন ডিআরএম। অন্যদিকে, আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ডিআরএমের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবিগুলি জানান। প্রতিনিধি দলে ছিলেন সুবীর সেন, সৌভিক মণ্ডল, গোপাল দাস ও সদানন্দ দত্ত। রামপুরহাট থেকে আহমদপুর, লাভপুর ও কাটোয়া হয়ে হাওড়া পর্যন্ত সকালে সরাসরি ট্রেন চালুর দাবি জানিয়েছে সংগঠন। প্রস্তাবিত ট্রেনটির নাম ‘মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার’ বা এক্সপ্রেস রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া লাভপুর হাসপাতাল সংলগ্ন রেলগেট, কীর্ণাহার ও গোপালপুর গ্রাম স্টেশনের আন্ডারপাসে জল জমা এবং বেহাল রাস্তা সংস্কারের দাবি উঠেছে। আহমদপুর জংশনে মেন লাইন ও কাটোয়া লাইনের প্ল্যাটফর্মের মধ্যে প্রায় ৭০০ মিটার দূরত্ব থাকায় যাত্রীদের সমস্যার কথা তুলে ধরে তিন নম্বর প্ল্যাটফর্মের পাশে নতুন একটি ছোট প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দিয়েছে সংগঠন। পাশাপাশি আহমদপুরে ‘মা তারা এক্সপ্রেস’, ‘কুলিক এক্সপ্রেস’ ও ‘সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস’-এর স্টপ চালুর দাবিও জানানো হয়েছে। সংগঠনের সদস্য সুবীর সেন বলেন, সকালে হাওড়া যাওয়ার সরাসরি ট্রেন চালু হলে নিত্যযাত্রীরা উপকৃত হবেন। পাশাপাশি আন্ডারপাসের সংস্কার, আহমদপুরে নতুন প্ল্যাটফর্ম এবং এক্সপ্রেস ট্রেনের স্টপ চালু করা জরুরি। এই দাবিগুলি রেল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি। তবে রেল সূত্রে জানা গিয়েছে, এদিন নতুন করে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। যাত্রী সংগঠনের দাবিগুলি নিয়ে রেল কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।



