Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দীর্ঘদিন পর পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠক, থাকবেন মুখ্যমন্ত্রী

দীর্ঘদিন পর পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের পূর্ণাঙ্গ বৈঠক হতে চলেছে। আগামী ১১ আগস্ট বাঁকুড়ায় অনুষ্ঠিত হতে চলা ওই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন।

দীর্ঘদিন পর পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠক, থাকবেন মুখ্যমন্ত্রী
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দীর্ঘদিন পর পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের পূর্ণাঙ্গ বৈঠক হতে চলেছে। আগামী ১১ আগস্ট বাঁকুড়ায় অনুষ্ঠিত হতে চলা ওই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। বৈঠকে পশ্চিমাঞ্চলের সাতটি জেলার আধিকারিকরাও অংশ নেবেন। সরকার উদ্যোগী হওয়ায় জেলাগুলির উন্নয়নে ভালরকম অর্থ বরাদ্দ হবে বলে প্রশাসনের কর্তারা আশা করছেন। বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, আগামী মঙ্গলবার জেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠক হবে। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি। 

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের(঩পিইউপি) আওতায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান রয়েছে। বাঁকুড়ার আইলাকান্দি এলাকায় পিইউপি-র সদর দপ্তর রয়েছে। সাত জেলার সব ব্লকে অবশ্য পিইউপি কাজ করে না। ওই সাত জেলার মোট ৭৪টি ব্লকে পর্ষদের আওতায় উন্নয়নমূলক কাজ হয়। বাঁকুড়া জেলার ১৬টি ব্লক যেমন তালিকায় রয়েছে, তেমন পূর্ব বর্ধমানের মাত্র দু’টি ব্লক(আউশগ্রাম-১ ও ২) পর্ষদের অন্তর্গত। তৃণমূল জমানার শুরুর দিকে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভাল গুরুত্ব ছিল। পর্ষদের জন্য একজন পূর্ণ মন্ত্রীও ছিলেন। পরের দিকে পর্ষদের গুরুত্ব কমতে থাকে। সেই সঙ্গে বরাদ্দও কাটছাঁট করা হয়। একসময় পর্ষদের জন্য বরাদ্দ কার্যত ছিল না বললেই চলে।  গত বিধানসভা নির্বাচনে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিজেপি রেকর্ড ভোট পায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলায় বিরোধীরা ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। ফলে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমাঞ্চলের উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে। সেই কারণে উন্নয়ন পর্ষদের প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় আসছেন বলে প্রশাসনিক মহলের অভিমত। মঙ্গলবারের বৈঠকে সাত জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, সংশ্লিষ্ট ব্লকের বিডিওরা উপস্থিত থাকবেন। তাঁরা নিজ নিজ এলাকার উন্নয়নের প্রস্তাব বৈঠকে জানাতে পারেন। প্রশাসনিক সফরের পাশাপাশি মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় অন্যান্য কর্মসূচিতেও যোগ দিতে পারেন। যদিও এব্যাপারে বিস্তরিত কিছু জেলা বিজেপি নেতৃত্ব জানাতে পারেনি। জেলা বিজেপি-র এক নেত্রী বলেন, মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিকালে বাঁকুড়া-বিষ্ণুপুর জাতীয় সড়কের পাশের একটি হোটেলে অনুষ্ঠিত দলের এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। এর বেশি কিছু আমরা জানি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ