Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

দলবদলু নেতা যুব জেলা সভাপতি, তৃণমূলের অন্দরে বাড়ছে অসন্তোষ

দলবদলু এক নেতাকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদ দেওয়ায় দলের অন্দরেই ক্রমশ অসন্তোষ ঘনীভূত হচ্ছে। এমনকী এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও উগরে দিয়েছেন কেউ কেউ।

দলবদলু নেতা যুব জেলা সভাপতি, তৃণমূলের অন্দরে বাড়ছে অসন্তোষ
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দলবদলু এক নেতাকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদ দেওয়ায় দলের অন্দরেই ক্রমশ অসন্তোষ ঘনীভূত হচ্ছে। এমনকী এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও উগরে দিয়েছেন কেউ কেউ। যদিও জেলা নেতৃত্বের চাপে দিনহাটার প্রথম সারির এক তৃণমূল নেতা কটাক্ষ করা পোস্ট সরিয়ে দিয়েছেন। শনিবারই কোচবিহার জেলা  যুব সভাপতি পদে স্বপন বর্মনকে দায়িত্ব দিয়েছে তৃণমূল। আইএনটিটিইউসি’র জেলা সভাপতি পদে আনা হয়েছে রাজেন্দ্রকুমার বৈদকে। 

Advertisement

কোচবিহারে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব অনেকদিন ধরে। সম্প্রতি রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায় কাছাকাছি আসায় দল কার্যত দুই শিবিরে বিভক্ত। এর আগে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি ছিলেন রবি ঘেঁষা পরিমল বর্মন। তাঁকে সরিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কাছের লোক বলে পরিচিত রাজেন্দ্রকুমার বৈদকে দল আইএনটিটিইউসি’র জেলা সভাপতি করেছে। 
বর্ষীয়ান রাজেন্দ্রকুমারকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া ও সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মাথাভাঙার পারডুবির বাসিন্দা স্বপন হঠাৎ করে তৃণমূল যুব সভাপতির দায়িত্ব পেয়ে যাওয়ায় দলের একাংশের মধ্যে ক্ষোভ বেড়েছে। কেন বিজেপি থেকে আসা নেতাকে হঠাৎ করে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হল? সংগঠনে কী পুরনো যোগ্য লোক ছিল না? এসব প্রশ্নের উত্তরে তৃণমূলের জেলা সভাপতির ব্যাখ্যা, স্বপন লোকসভা নির্বাচনের সময় মাথাভাঙায় ভালো কাজ করেছেন। ভালো সংগঠন বোঝেন। পাশাপাশি যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের প্রতি বার্তা দেওয়া হল, দল তাঁদের নিয়ে চিন্তাভাবনা করে। 
অভিজিৎ আরও বলেন, বিজেপি থেকে এসে গত লোকসভা নির্বাচনে মাথাভাঙা বিধানসভায় পদ্ম শিবিরকে পর্যুদস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্বপন। রাজ্য নেতৃত্ব তাঁকে জেলা যুব সভাপতি করে সম্মানিত করল।
জেলা সভাপতির বার্তা, বিজেপি থেকে আসা ১৮৭ জন পঞ্চায়েত  সদস্য, ১০ জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং বহু মোর্চা ও মণ্ডলের  নেতা  নিশ্চিত  হলেন, তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো। রাজেন্দ্রকুমার দীর্ঘদিন শ্রমিক ও মালিকদের নিয়ে কাজ করে এসেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগবে। 
স্বপনের মন্তব্য, সকলকে নিয়ে দায়িত্ব পালন করব। তবে, তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সংক্ষিপ্ত উত্তর, যা বলার, রাজ্য নেতৃত্বকে বলব।  স্বপন বর্মন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ