কলকাতা, ১৬ সেপ্টেম্বর: ফের শহর কলকাতায় ভেঙে পড়ল পুরানো বাড়ি। বুধবার সকালে এন্টালিতে পুরানো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। তীব্র আতঙ্কে এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বাড়িটির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। এমনকি বাড়ির মালিকও উদাসীন। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যদিও এই ঘটনা নতুন নয়। এর আগেও শোভাবাজার, জোড়াবাগানের মতো এলাকায় একাধিক বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। চলতি বছরেই আগস্ট মাসে জোড়াবাগানে প্রায় ২০০ বছরের পুরানো বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হয় এক বৃদ্ধার।
ফলে এই ছবি নতুন নয় শহরে। এন্টালিতে বাড়ির একাংশ ভেঙে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতেই পারত। এই সময়ে অনেকেই নিজের কাজে কিংবা বাড়ির জন্য বাজার করতে বের হন। অনেক ছাত্র-ছাত্রী এই সময়ে স্কুলেও যায়। তার মধ্যে এই ঘটনা, তাঁদের কাছে উদ্বেগজনক। ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসী।