Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পার্কিং জোনের অভাবে সমস্যা সিউড়িতে, শহরে বাড়ছে যানজট

পার্কিং জোনের অভাবে সমস্যা  সিউড়িতে, শহরে বাড়ছে যানজট
  • ৭ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি পুরসভা এলাকায় হাতেগোনা মাত্র একটি পার্কিং জোন রয়েছে। তবে বিস্তীর্ণ শহরে পুরসভার তরফে শহর সিউড়িতে কোনও নির্দিষ্ট পার্কিংজোন নেই। ফলত যত্রতত্র রাস্তার ধারে গাড়ি ও বাইক দাঁড় করিয়ে রাখার ফলে যানজট বাড়ছে। কোথাও কোথাও আবার গাড়ি ও বাইক রাখার জেরে রাস্তা দিয়ে পথ চলা দায় হয়ে উঠে। অন্যদিকে, অপরিকল্পিত ভাবে রাস্তার দু’ধারে গাড়ি ও বাইক দাঁড় করিয়ে রাখার জেরে মাঝেমধ্যেই যানজটের সৃষ্টি হয়। ঘটনায় শহরের বাসিন্দারা নিত্য ভোগান্তির শিকার। তাঁদের একাংশ সিউড়ি পুরসভার ভূমিকায় প্রশ্ন তুলছেন। অভিযোগ, সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকার জেরে নিত্যদিনই সমস্যা বাড়ছে। পথ চলতে গিয়ে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। সমস্যা সমাধানে সিউড়ি মহকুমা প্রশাসন অবশ্য পার্কিংজোন গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগী হয়েছে। মহকুমা শাসক সুপ্রতীক সিনহা বলেন, শহরে পার্কিংজোন গড়ে তোলার জন্য পুরসভাকে জমি খোঁজার কথা বলা হয়েছে। নির্দিষ্ট জমি পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisement

২১টি ওয়ার্ড নিয়ে সিউড়ি পুরসভা এলাকা। এই শহরের একাধিক ওয়ার্ডের ওপর দিয়ে পানাগড়-মোড়গ্রাম সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা চলে গিয়েছে। দিনের বিভিন্ন সময় সেই রাস্তা ধরে দূরপাল্লার বাস থেকে শুরু করে অসংখ্য গাড়ি চলাচল করে। সেই রাস্তার দু’ধারে দিনের বিভিন্ন সময় গাড়ি বাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোনও কোনও সময় ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপর গাড়ি ও বাইক দাঁড় করানো থাকে। স্বাভাবিকভাবেই দূর্ঘটনার আশঙ্কাও পাল্লা দিয়ে বাড়ছে। অন্যদিকে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দু’ধারও একই ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার জেরে সমস্যা ক্রমশ বাড়ছে। ফলত শহর সিউড়ির বাসিন্দারা ফুটপাত ধরে পথ চলার কথা ভুলেই গিয়েছেন। সেই সঙ্গে মূল রাস্তাও অনেকাংশে সংকুচিত হয়ে পড়ছে। ফলে বিপদের আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে।
গাড়িচালক বিশ্বজিৎ মাল বলেন, শহরে একটি মাত্র পার্কিংজোন রয়েছে। ফলে খুব সমস্যায় পড়তে হয়। দ্রুত শহরে একাধিক পার্কিংজোন গড়ে তোলা প্রয়োজন। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি নজরে রয়েছে। সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ