সংবাদদাতা, উলুবেড়িয়া: বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড ডে মিল সহ একাধিক বিষয়ে অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। শ্যামপুর ২ নং ব্লকের আমড়দহ গ্রাম পঞ্চায়েতের পিপুল্যান এস সি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই ঘটনা ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে অভিযোগ উঠলেও কোনও ব্যাবস্থা নেওয়া হয়নি। এমনকি বিদ্যালয়ের সহশিক্ষকদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন। এদিন অভিভাবকরা প্রধান শিক্ষিকাকে অন্যত্র বদলির দাবি জানান। জেলা শিক্ষাদপ্তর সূত্রে খবর, অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে অন্য বিদ্যালয়ে বদলি করার সিদ্ধান্ত হয়েছে।
জানা গিয়েছে, পিপুল্যান এস সি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সহ মোট পাঁচজন শিক্ষক আছেন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে অভিযোগ উঠছিল প্রধান শিক্ষিকা পূর্ণিমা মান্নার বিরুদ্ধে। তিনি নির্ধারিত সূচী অনুযায়ী মিড ডে মিল দেন না বলে অভিযোগ ওঠে। এই অবস্থায় মাস দুয়েক আগে মিড ডে মিলের দায়িত্ব তাঁর হাত থেকে নিয়ে অন্য শিক্ষকদের দিলেও তিনি নানারকম অসহযোগিতা করে যাচ্ছিলেন বলে অভিযোগ। এসব ইস্যুতেই শুক্রবার সকালে অভিভাবকরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। অবিলম্বে প্রধান শিক্ষিকাকে অন্য বিদ্যালয়ে বদলির দাবি জানান তাঁরা। পরে বাছরি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শ্যামসুন্দর মেটিয়া ও শিক্ষাবন্ধু ঘটনাস্থলে এসে অভিভাবকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্মৃতিকন্ঠ কোলে নামে এক অভিভাবকের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঠিকমতো মিড ডে মিল চালাচ্ছিলেন না। হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণকুমার ঘোষ বলেন, ‘ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড ডে মিল নিয়ে অভিযোগ উঠেছিল। পরে বিদ্যালয়ের একজন শিক্ষককে সেই দায়িত্ব দিলেও উনি তার সঙ্গে সহযোগিতা করছিলেন না। তা নিয়েই বিক্ষোভ দেখান অভিভাবকরা।