সংবাদদাতা, হলদিয়া: অনলাইন গেমের বলি হলেন এক মেধাবী কলেজ পড়ুয়া। মঙ্গলবার মহিষাদলের গাড়ুঘাটা এলাকায় বেসরকারি প্যারামেডিক্যাল কলেজের হস্টেল থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিজিৎ পাত্র(২২)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে। তিনি ব্যাচেলর অব ফিজিওথেরাপি কোর্সে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এদিন বেলা ১২টা নাগাদ কলেজের হস্টেলের বাথরুম থেকে গামছায় ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বলেন, বেসরকারি প্যারামেডিক্যাল কলেজের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছাত্রের হস্টেলের রুম থেকে একটি সুইসাইড নোট মিলেছে। অনলাইন গেমে আসক্ত হয়ে ঋণে জড়িয়ে পড়ে অবসাদে ভুগছিলেন ওই পড়ুয়া। প্রাথমিক তদন্তে জানা তা জানা গিয়েছে।



