অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের সেন্টার সার্কেলে দাঁড়িয়ে মোহন বাগান কোচ পানোস ও দলের ফিজিও। গম্ভীর আলোচনার বিষয় যে দলের চোট সমস্যা, তা বুঝতে ফেলু মিত্তির হতে লাগে না। সোমবার আইএসএলের প্রথম হোম ম্যাচে প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। তার আগে রবিবার বিকেলে মাঠের সাইড লাইনে রিহ্যাব সারলেন ম্যাকলারেন। প্রথম একাদশে তো দূরঅস্ত, রিজার্ভেও তাঁকে রাখা হবে কি না তা নিয়ে ধোঁয়াশা চরমে। চিন্তার আর এক কারণ মিগুয়েল ফেরেরা। হ্যামস্ট্রিংয়ের পুরোনো চোটে কাবু ব্রাজিলিয়ান মিডিও। এদিনও অনুশীলনে অনুপস্থিত তিনি। দুই ম্যাচ উইনার প্রসঙ্গে গ্রিক কোচের মন্তব্য, ‘ম্যাকা এবং মিগুয়েলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচ শুরুর আগেই নেওয়া হবে। তবে আপুইয়াকে পাওয়া যাচ্ছে না।’ আসলে জ্বর কমার নাম নেই মিজো মিডিওর। শনিবার রাতে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বস্তি আলবার্তোকে নিয়ে। তিনি ফিট। দলের সঙ্গে অনুশীলনও করলেন স্প্যানিশ ডিফেন্ডার।
আইএসএলে মরশুমের প্রথম হোম ম্যাচ খেলবে মোহন বাগান। নর্থ ইস্টের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে গত ম্যাচে দল জয়ে ফিরলেও ফরোয়ার্ডদের সুযোগ নষ্টের বহর ভাবাচ্ছে কোচকে। সাংবাদিক সম্মেলনে পানোস জানান, শেষ দু’টি ম্যাচে ২৬টি সুযোগ তৈরি করেও গোল এসেছে মাত্র দু’টি। চেন্নাইয়ানের বিরুদ্ধে এই রোগ সারিয়ে তোলাই বড়ো চ্যালেঞ্জ পানোসের। নির্ভরযোগ্য প্লে-মেকারের অভাব এবং ম্যাকলারেনের ফিটনেস সমস্যা বাড়াচ্ছে উদ্বেগ। তাই বিকল্প আক্রমণ কৌশলে জোর দিয়েছেন গ্রিক কোচ। অনুশীলনে উইং থেকে বল তুলে দীর্ঘদেহী আরউইন ও মনবীরকে দিয়ে গোল করানোর মহড়া চলে। পাশাপাশি সেটপিস থেকেও গোলের অনুশীলন করানো হয়। মাঝমাঠে জেলকোভিচ ও অনিরুদ্ধ থাপা। রক্ষণও অপরিবর্তিত রাখার ভাবনা পানোসের। দুই উইংয়ে ড্রাজিচ ও ছাংতের উপর বল সাপ্লাইয়ের দায়িত্ব। দু’প্রান্তকে সচল রাখার ভার সাহালের। পাশাপাশি তাঁর পরিবর্তে মনবীরকে এনে জোড়া স্ট্রাইকারে আক্রমণের বিকল্প ছকও তৈরি রাখছেন কোচ। সেক্ষেত্রে বক্স-টু-বক্স মিডিওর ভূমিকায় থাকবেন জেলকোভিচ।
অন্যদিকে, চেন্নাইয়ান এফসিতে প্রাক্তন মোহন বাগানীদের ভিড়। গ্লেন মার্টিন, দীপ্যেন্দু বিশ্বাস, নুনো রেইসরা সেরাটা মেলে ধরতে তৈরি। সঙ্গে রয়েছেন মাধি তালাল। ইস্ট বেঙ্গলের প্রাক্তনী আবার সবুজ-মেরুন দেখলেই জ্বলে ওঠেন। তাই পানোসের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে।
যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার ইউটিউবে।



