Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বাংলার বাড়ি’ পরিদর্শনে যাওয়া পঞ্চায়েত কর্মীদের উপর হামলা, ধৃত ১

বাংলার বাড়ি প্রকল্পে পরিদর্শনে যাওয়া দুই পঞ্চায়েত কর্মীর উপর হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

‘বাংলার বাড়ি’ পরিদর্শনে যাওয়া পঞ্চায়েত কর্মীদের উপর হামলা, ধৃত ১
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানবাজার: বাংলার বাড়ি প্রকল্পে পরিদর্শনে যাওয়া দুই পঞ্চায়েত কর্মীর উপর হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার দুপুরে পুরুলিয়ার বরাবাজার থানার দামদা গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় বরাবাজারের বেড়াদা গ্রাম পঞ্চায়েতের কর্মী ফাল্গুনী পান্ডা ওইদিনই থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলার রুজু করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম স্বপনকুমার কর্মকার। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, ‘দিদিকে বলো’ হেল্প লাইনে ফোন করে যে সমস্ত ব্যক্তি বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন তাঁদেরই কয়েকদিন ধরে সার্ভে করা হচ্ছে। তেমনই একজনের বাড়িতে গিয়েছিলেন ওই দুই কর্মী। কিন্তু, সেখানে গিয়ে আক্রমণের মুখে পড়বেন তা ভাবতে পারেননি পঞ্চায়েতের ওই কর্মী। অভিযোগকারী পঞ্চায়েতে কর্মী পুলিশকে জানিয়েছেন, বুধবার দুপুরে তিনি ও তাঁর এক সহকর্মী দামদা গ্রামে এক উপভোক্তার বাংলার বাড়ি পরিদর্শন করে ফিরছিলেন। ঠিক সেই সময় গ্রামের জাহেরস্থানের কাছে এক যুবক বাইকে এসে তাঁদের পথ আটকায়। তাঁদের গালিগালাজ, চড় থাপ্পড় মারতে শুরু করে। এরপর ওই যুবক, তাঁদের এই গ্রামে ঢুকতে কে বলেছে তা জানতে চায়। অভিযোগ তাঁদের কোনও কথায় কর্ণপাত না করেই ওই যুবক তাঁদের প্রাণে মারার হুমকি দেয়। কাছে থাকা একটি তলোয়ার বের করে তাঁদের মারার জন্য উদ্যত হয় বলেও অভিযোগ। সেই সময় তিনি ও তাঁর সহকর্মী কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ