সংবাদদাতা, বারুইপুর: এবার জলা জমি দখল করার অভিযোগ উঠল ভাঙড়ের এক পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। অভিযুক্ত ভাঙড় ১ ব্লকের তাড়দহ গ্রাম পঞ্চায়েতের সদস্যের নাম গৌতম মণ্ডল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গৌতম সাধারণ মানুষের জমি দখল করার চেষ্টা করছেন বেশ কিছুদিন ধরে। জোর করে জলা জমি মাটি ফেলে ভরাট করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গৌতম মণ্ডল। তবে ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তারা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, গৌতম মণ্ডল জমির সরকারি নথি ও চরিত্র বদল করে তা দখল করেছেন। কলকাতা লেদার কমপ্লেক্স থানার তাড়দহ কাপাসাইট মৌজার ১৩১৩, ১৪৬৫, ১৫২৮ সহ একাধিক দাগের জমির চরিত্র বদল করে বড়সড় পাঁচিল তুলছেন শাসকদলের নেতারা।
জলা জমির চরিত্র কীভাবে পরিবর্তন করা সম্ভব? অভিযোগ, বি এল আর ও অফিসকে কাজে লাগিয়ে এমনই করেছেন গৌতম মণ্ডল সহ তাঁর সঙ্গীরা। ভাঙড়ের বামনঘাটা, তাড়দহ, বেওতা ১, বেওতা ২ অঞ্চলের জমি ভরাট করে কংক্রিটের নির্মাণ করছেন শাসকদলের নেতারা। কৃষক পুলক মণ্ডল বলেন, ৪০ বছর ধরে এই জলাজমিতে মাছ, কাঁকড়া চাষ করে আসছেন আমাদের বাবা-কাকারা। সেই জমির কাগজ বদলে আচমকা নিজের নামে করে নিয়েছেন গৌতম মণ্ডল। জমির চারপাশে পাঁচিল দেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, জলা জমিতে কাজ হলে সমস্ত কাজ বন্ধ করা উচিত। এলাকার পরিবেশ ও মানুষকে বাঁচানো দরকার। পুলিসকে বলব ব্যবস্থা নিতে।