


সংবাদদাতা, বারুইপুর: কয়েকশো গাছ কেটে মোটা টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জয়নগর ২ নম্বর ব্লকের শাহজাদাপুর পঞ্চায়েতে। ঘটনায় সরাসরি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান আখিজা মোল্লার স্বামী মোনাজাত আলী।
শাহজাদাপুর পঞ্চায়েত এলাকায় থাকা এই খাল কয়েক কিলোমিটার লম্বা। এটি সেচদপ্তরের অধীন। জানা গিয়েছে, গিরিধারী আশ্রমের কাছে চাষের জমিতে জল বেশি সরবরাহের উদ্দেশে খাল সংস্কার হচ্ছে। সে কাজের নাম করেই কাটা হয়েছে গাছ। বিক্রিও করা হয়েছে মোটা টাকায়। এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাঁরা বলেন, ‘পঞ্চায়েত প্রধানের স্বামীর মদতে এই কাজ হচ্ছে। বাইরে থেকে লোক ভাড়া করে এনে গাছ কাটার কাজ করা হয়েছে। নির্বিচারে গাছ কাটার ফলে গরমের সময় ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। এ ঘটনায় প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে।’ তাঁদের আরও অভিযোগ, ‘রাতের অন্ধকারে জেসিবি নিয়ে এসে একের পর এক গাছ কেটে ফেলেছে। আমরা খাল সংস্কার হোক চাই। কিন্তু প্রকৃতি ধ্বংস করে এ কাজ করা হচ্ছে। পঞ্চায়েত, বকুলতলা থানা ও প্রশাসনের সব জায়গায় অভিযোগ জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি।’ অভিযুক্ত মোনাজাত আলী বলেছেন, ‘গাছ সংরক্ষণ করে রাখা আছে। পরবর্তীকালে টেন্ডার করে খালের ধারে বৃক্ষরোপণ হবে।’ জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও রাজা আদক বলেন, ‘আমরা অভিযোগ এখনও পাইনি। থানা থেকে শুধু জানানো হয়েছিল।’ নিজস্ব চিত্র