নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি: ভারতে ভয়াবহ হামলা চালানোর ছক কষেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা। ফের তাদের নিশানায় লালকেল্লা। সেইসঙ্গে পুরাতন দিল্লির মতো জনবহুল এলাকায় মন্দির ও ঐতিহ্যবাহী স্থানগুলিতে হামলার ছক করছে জঙ্গিরা। বিশেষ সূত্রে এমনই চাঞ্চল্যকর নানা তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। যার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে রাজধানীতে।
গোয়েন্দা সূত্রে খবর, দিল্লির লালকেল্লা চত্বর এবং জনবহুল চাঁদনি চক এলাকার মন্দিরগুলিতে আইইডি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করতে পারে জঙ্গিরা। গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তদন্তকারীদের মতে, সেই হামলার বদলা নিতে ভারতে বড়ো মাপের নাশকতা চালানোর ছক করেছে লস্কর। দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য উল্লেখযোগ্য মন্দিরগুলিও জঙ্গিদের হিট লিস্টে আছে বলে খবরে প্রকাশ।
গোয়েন্দা সূত্রে সম্ভাব্য জঙ্গি হামলার সতর্ক বার্তা পাওয়ার পর হুলুস্থুল পড়ে যায় পুলিশ-প্রশাসনের অন্দরে। নড়েচড়ে বসে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি। রাজধানীর সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। বিশেষত, পুরাতন দিল্লিতে পুলিশি নজরদারি চোখে পড়ার মতো। গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।