নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকার পাক নাগরিকদের দেশে ফেরার নির্দেশ জারি করেছে। একমাত্র ‘ডিপ্লোম্যাটিক’ এবং ‘লং টার্ম’ ভিসাধারীরা ছাড়া বাকি সবাইকে ভারত ছাড়ার নির্দেশ জারি করা হয়েছিল। তবে এ রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত যে সাত-আটজন পাকিস্তানি বন্দি রয়েছে, সাজার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাদের এ রাজ্যের বিভিন্ন সংশোধনাগারেই কাটাতে হবে। বিভিন্ন জেল সূত্রে এ তথ্য জানা গিয়েছে। কারাদপ্তরের এক আধিকারিকের কথায়, সাজার বিষয়টি সম্পূর্ণ আদালতের নিয়ন্ত্রণাধীন। সে ক্ষেত্রে বিভিন্ন অপরাধে এ রাজ্যে বিভিন্ন আদালতে যে সমস্ত পাকিস্তানির সাজা হয়েছে, তাদের এ রাজ্যের জেলেই কাটাতে হবে। এখন দেখার বিষয়, সাজার মেয়াদ শেষ হলে সেই পাক নাগরিককে সে দেশের ফেরানোর ক্ষেত্রে সরকারি তরফে কী পদক্ষেপ গ্রহণ করা হয়। বিভিন্ন জেল সূত্রে জানা গিয়েছে, এ রাজ্যের প্রেসিডেন্সি, বনগাঁ সহ কয়েকটি জেলে হাতে গোনা যে ৭‑৮ জন পাকিস্তানি বন্দি আছে, তাদের মধ্যেই অধিকাংশই বহু বছর ধরে কারাগারে রয়েছে। কী ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ? জেল সূত্রের খবর, সন্ত্রাসবাদী মামলার পাশাপাশি এ শহরে একটি নামী জুতো প্রস্তুতকারী সংস্থার কর্তাকে মুক্তিপণ আদায়ের নামে অপহরণের মতো অপরাধে সাজা খাটছে ওই সমস্ত পাক অপরাধীরা।



