করাচি, ১১ জুলাই: করাচির ফ্ল্যাট থেকে গত মঙ্গলবার মৃতদেহ উদ্ধার হয় পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আশগর আলির। কীভাবে তাঁর মৃত্যু হল সেই বিষয়ে তদন্ত করতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তকারীরা জেনেছেন অভিনেত্রীর মৃত্যু হয়েছে গত বছরের অক্টোবর মাসেই। একটি সংবাদমাধ্যমের দাবি, ঠিক ন’মাস আগেই মৃত্যু হয় হুমাইরার। গত মঙ্গলবার করাচির ফ্ল্যাট থেকে পচনশীল অবস্থায় পাক অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিস। ময়নাতদন্ত করতে গিয়ে দেখা যায় হুমাইরার মৃত্যু হয়েছে বেশ কয়েক মাস আগেই। সেই কারণেই শরীরের একাধিক অংশ প্রায় পচে গিয়েছিল। এই বিষয়ে পাকিস্তান পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, অভিনেত্রীর মোবাইল থেকে শেষবারের মতো ফোন করা হয় ২০২৪ সালের অক্টোবর মাসে। তারপর আর কোনও ফোন যায়নি।
এমনকী হুমাইরার প্রতিবেশীরাও তাঁকে শেষ দেখেন গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসেই। অভিনেত্রীর ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করে দেওয়া হয়েছিল অক্টোবর মাসেই। বিল না দেওয়ার কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তদন্তে উঠে এসেছে, হুমাইরার ফ্ল্যাটে থাকা খাবারগুলি নষ্ট হয়ে গিয়েছে। জলের বোতলগুলিতে ধুলো পড়েছে। ফ্ল্যাটের ব্যালকনির দরজা খোলাই ছিল ও জলের পাইপ লাইন শুকিয়ে গিয়েছিল। তাতে মরচেও ধরেছে দীর্ঘদিন না ব্যবহার করাতে। হুমাইরার মৃত্যুকে ঘিরে রহস্য ঘনাচ্ছেই। গত মঙ্গলবার তাঁর মৃতদেহ উদ্ধারের পর অভিনেত্রীর পরিবারের সঙ্গে পুলিস যোগাযোগ করেছিল। যদিও পাক অভিনেত্রীর পরিবারের সদস্যরা মৃতদেহ নিতে অস্বীকার করে। যদিও পরে করাচিতে এসে হুমাইরার মৃতদেহ দেখতে চেয়েছেন তাঁর ভাই। এমনটাই দাবি পুলিসের। তদন্ত জানা গিয়েছে, সাতবছর আগেই লাহোরে নিজের বাড়ি ছেড়ে একাই করাচিতে থাকছিলেন অভিনেত্রী। শুধুমাত্র উৎসবের সময়ে লাহোরে নিজের বাড়িতে যেতেন তিনি। পরিবারের সঙ্গে সম্পর্কও খারাপ ছিল। পাকিস্তানের ধারাবাহিকে জনপ্রিয় নাম হুমাইরা আশগর আলির। একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করতেন তিনি।