নিউইয়র্ক, ২৩ জুলাই: রাষ্ট্রসঙ্ঘে ফের একবার পাকিস্তানকে আয়না দেখাল ভারত। একাধিক বিষয়কে সামনে রেখে ইসলামাবাদের আসল চরিত্র প্রকাশ্যে আনলেন ভারতের প্রতিনিধি। গতকাল, মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের নিযুক্ত অ্যাম্বাসাডর পার্বথানেনি হরিশ বলেন, ‘ভারত একটি উন্নত গণতন্ত্র, অর্থনীতিতে এগিয়ে এবং একটি বহুত্ববাদে বিশ্বাসী সমাজবাদী রাষ্ট্র। অন্যদিকে, পাকিস্তান, ধর্মান্ধতায় ডুবে থাকা এবং সন্ত্রাসবাদের মতো বিষয়ে মদত জোগানো দেশ। যে আইএমএফ থেকে ধারাবাহিকভাবে ঋণ গ্রহণ করেই চলেছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নয়, এমন অভ্যাসে লাগাতার লিপ্ত থাকা পরিষদের একজন সদস্যের প্রতি কোনও সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন অনৈতিক। সন্ত্রাসবাদকে বরদাস্ত না করাই হল রাষ্ট্রসঙ্ঘের মৌলিক নীতিগুলির মধ্যে একটি। সেটার সম্মান করা উচিত।’ পাকিস্তানের দুটি দিক নিয়ে মূলত বিশ্বের দরবারে তুলে ধরেছে ভারত। সরাসরি নাম না নিয়ে ইঙ্গিতে ইসলামাবাদের দিকেই আঙুল তুলেছে ভারত, তা পার্বথানেনি হরিশের বক্তব্যে স্পষ্ট। পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের দ্বারা হামলা ও বিশ্ব বাজার থেকে পাকিস্তানের ঋণ নেওয়ার মানসিকতাকেই তুলে ধরেছেন ভারতের প্রতিনিধি। তাঁর দাবি, এইভাবে সন্ত্রাসবাদের মতো বিষয়ে মদত দেওয়া একটি দেশকে ক্রমাগত ঋণ দেওয়া বিশ্বের পক্ষেই ক্ষতিকর।