Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সাঁড়াশি চাপে পিছু হটতে পারে পাক ক্রিকেট বোর্ড

ফাঁকা কলসির আওয়াজ বেশি। পাকিস্তানের তেমনই অবস্থা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার।

সাঁড়াশি চাপে পিছু হটতে পারে পাক ক্রিকেট বোর্ড
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

নয়াদিল্লি: ফাঁকা কলসির আওয়াজ বেশি। পাকিস্তানের তেমনই অবস্থা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। কিন্তু আইসিসির প্রবল চাপে দিশাহারা অবস্থা বাবরদের বোর্ডের। ম্যাচ না হলে বিশাল ক্ষতির সম্মুখীন হবে পাক বোর্ড। শুধু তাই নয়, শ্রীলঙ্কার গায়েও আঁচ লাগবে। আসলে টিকিট, হোটেল বুকিং করে ফেলেছেন সিংহভাগ দর্শক। কিন্তু পাকিস্তান না খেললে সবকিছুরই দফারফা। তারাও চাপ বাড়াচ্ছে পাকিস্তানের উপর। আসলে সরকারি স্তরে দ্বীপরাষ্ট্রের থেকে প্রচুর সুবিধা পেয়ে থাকে পাকিস্তান। সেকথা মনে করিয়ে দিয়ে মহসিন নাকভির সঙ্গে কথা বলেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। সূত্রের খবর, দেশের সরকারের সঙ্গে আরও একদফা আলোচনা চায় পাক বোর্ড। সেক্ষেত্রে আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে তারা। ঢোক গিলে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে চাওয়াও আশ্চর্য নয়।

Advertisement

কিন্তু কেন ম্যাচ বাতিল করতে চাইছে ওয়াঘা পাড়ের দেশ? সূত্রের খবর, বিরল ফোর্স মেজর ক্লজ হাতিয়ার করতে চাইছে পাক বোর্ড। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, মহামারীর মতো পরিস্থিতির মতো অলঙ্ঘনীয় পরিস্থিতিতে ফোর্স মেজর লাগু করা হয়। কিন্তু তার কোনওটাই পাকিস্তানের ক্ষেত্রে খাটে না। ওয়াকিবহাল মহলের ধারণা, এসব যুক্তি অবতারণা করতে চেয়ে নিজেদের আরও হাস্যকর করে তুলছে বাবরদের দেশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ