ইসলামাবাদ ও নয়াদিল্লি: সিন্ধুর জল ইস্যুতে ভারতের বিরুদ্ধে রণহুংকার দিয়ে চলেছে পাকিস্তান। তারই মধ্যে এবার নয়া ঘোষণা ইসলামাবাদের। আর্মি রকেট ফোর্স নামে নতুন বাহিনী গড়ছে তারা। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার বেশি রাতে এই ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, দেশের প্রযুক্তিগত উন্নতি ও সামরিক প্রত্যাঘাতের দক্ষতাবৃদ্ধির পথে এই নয়া বাহিনী গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নতুন বাহিনীর গঠনের কথা ঘোষণা করলেও তার কাজ ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি পাক প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ বিস্তারিত না জানালেও মনে করা হচ্ছে, দীর্ঘদিনের ‘বন্ধুরাষ্ট্র’ চীনের পিপল’স লিবারেশন আর্মি রকেট ফোর্সের অনুকরণেই নতুন কমান্ডটি তৈরি করেছে পাকিস্তান।



